গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে দুর্দান্ত সময় কাটিয়েছেন লামিন ইয়ামাল। স্পেনের হয়ে বিশ্বকাপ জেতার পাশাপাশি ক্লাবেও ছিলেন দুর্দান্ত। বার্সেলোনার হয়ে জিতেছেন লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ। সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ২৪ গোল, সঙ্গে ছিল ১৮টি অ্যাসিস্ট। তাতে ব্যালন ডি’অরের দৌড়ে বেশ এগিয়ে ১৯ বর্ষী ফরোয়ার্ড। এবার সেই দৌড়ে নিজেকেই এগিয়ে রাখলেন ইয়ামাল। বললেন, ‘আমিই এর যোগ্য।’
ভ্যালেন্সিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স ও জোড়া গোল করার পর ‘ইউনিভার্সো ভালদানো’-কে দেওয়া সাক্ষাৎকারে ব্যালন ডি’অর নিয়ে কথা বলেন ইয়ামাল। সম্ভাব্য বিজয়ীর তালিকায় মাত্র দুজনকেই প্রকৃত দাবিদার হিসেবে চিহ্নিত করেন। সেখানে নিজের সঙ্গে ফ্রান্স তারকা কাইলিয়ান এমবাপেকে রেখেছেন তিনি।
বলেছেন, ‘আমি এটি কাকে দেব? বিশ্বের সেরা খেলোয়াড়কে। সত্যি বলতে, বিশ্বের সেরা খেলোয়াড়ের কথা যদি বলি, তবে সম্ভবত আমরা দুজনই আছি-আমি এবং এমবাপে। আর আমার মনে হয়, আমি যা অর্জন করেছি তার কারণে এ বছর আমিই এর যোগ্য। আমার কাছে বিষয়টি একদম পরিষ্কার এবং যারা ম্যাচ দেখেন, তারা সবাই তা জানেন।’
আগামী ২৬ অক্টোবর লন্ডনে বসবে এবারের ব্যালন ডি’অর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেদিনই জানা যাবে এবার কার হাতে উঠছে এবারের ব্যালন ডি’অর।









