চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে প্রযুক্তি বিশ্বের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা অংশ নিতে যাচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান, অ্যাপলের নির্বাহী চেয়ারম্যান টিম কুক এবং এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং।
শনিবার ১৯ সেপ্টেম্বর ফক্স বিজনেসের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সপ্তাহে শি জিনপিংয়ের সফর উপলক্ষে এই নৈশভোজের আয়োজন করবেন ট্রাম্প। অনুষ্ঠানে হুয়াংয়ের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট একজন ব্যক্তি।
ট্রাম্প-শি নৈশভোজে প্রযুক্তি খাতের শীর্ষ নেতাদের অংশগ্রহণ এমন এক সময়ে হচ্ছে, যখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), উন্নত এআই মডেল এবং এসব প্রযুক্তির জন্য প্রয়োজনীয় উন্নত চিপ নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রতিযোগিতা ও উত্তেজনা চলছে।
বিশ্বের দুই বৃহৎ অর্থনীতি আরও সক্ষম এআই প্রযুক্তি তৈরির প্রতিযোগিতায় রয়েছে। উন্নত এআই মডেল চালাতে প্রয়োজনীয় বিশেষায়িত চিপে চীনের প্রবেশাধিকার সীমিত করতে যুক্তরাষ্ট্র বিভিন্ন রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করেছে। এনভিডিয়ার তৈরি উন্নত সেমিকন্ডাক্টরও এসব বিধিনিষেধের আওতায় রয়েছে।
এ ধরনের বিধিনিষেধের সমালোচনা করে আসছেন জেনসেন হুয়াং। গত মে মাসে তিনি বলেছিলেন, মার্কিন বিধিনিষেধ সত্ত্বেও চীনের কাছে প্রয়োজনীয় সব চিপ রয়েছে।
এদিকে ওপেনএআই ও অ্যানথ্রপিকের মতো মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এআই প্রতিযোগিতায় এগিয়ে থাকতে উন্নত বা ‘ফ্রন্টিয়ার মডেল’ ব্যবহার করছে। এসব মডেল সাধারণত মালিকানাধীন এবং লাইসেন্স ছাড়া ব্যবহার করা যায় না। অন্যদিকে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ওপেন-ওয়েট মডেল থেকে ‘ডিস্টিলেশন’ পদ্ধতিতে প্রযুক্তি গ্রহণ করে মার্কিন প্রতিষ্ঠানগুলোর উন্নত মডেলের সঙ্গে প্রতিযোগিতা করার চেষ্টা করছে।
এআই প্রযুক্তির সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগের মধ্যেই স্যাম অল্টম্যানসহ প্রযুক্তি খাতের নেতারা নিরাপদভাবে এআই উন্নয়নের বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করছেন।
জেনসেন হুয়াং সাংবাদিকদের বলেন, প্রযুক্তিটি নিরাপদভাবে তৈরি করা এবং যথাযথভাবে পরীক্ষা করা এআই কোম্পানিগুলোরই দায়িত্ব। এটি প্রস্তুত না হলে কিছু সময়ের জন্য থামিয়ে রাখা উচিত। যত দ্রুত সম্ভব এগোতে হবে, তবে তার চেয়ে দ্রুত নয়।
রাষ্ট্রীয় নৈশভোজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পক্ষ থেকে কোনো বিদেশি নেতাকে দেওয়া সর্বোচ্চ কূটনৈতিক সম্মানগুলোর একটি।
এর আগে গত মে মাসে ট্রাম্পের চীন সফরের সময় শি জিনপিংও একটি রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করেছিলেন। ওই অনুষ্ঠানে ইলন মাস্ক, জেনসেন হুয়াং এবং টিম কুক উপস্থিত ছিলেন। সে সময় কুক অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। পরে তিনি প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব নেন।
দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের আয়োজিত এটি হবে দ্বিতীয় রাষ্ট্রীয় নৈশভোজ। এর আগে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে তিনি রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করেছিলেন।
ট্রাম্প তার প্রথম মেয়াদে ২০১৮ সালে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং ২০১৯ সালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সম্মানে রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করেছিলেন।









