ঝিনাইদহের শৈলকুপায় রাসায়নিক সারের দাবিতে সড়ক অবরোধ করেছেন স্থানীয় কৃষকরা।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার গাড়াগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গাড়াগঞ্জ পুরাতন বাজারের সার ডিলার শুভ এন্টারপ্রাইজে সার নিতে যান কৃষকরা। তবে ডিলার সার দিতে অস্বীকৃতি জানালে ক্ষুব্ধ হয়ে তারা গাড়াগঞ্জ-শৈলকুপা সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন।
এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন ওই পথে চলাচলকারী যাত্রীরা।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। তারা কৃষকদের সার সরবরাহের বিষয়টি নিশ্চিত করলে অবরোধ তুলে নেন কৃষকরা। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।









