ফিফা আসিয়ান কাপ সামনে রেখে চলছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রাথমিক অনুশীলন ও প্রস্তুতি ক্যাম্প। কোচ থমাস ডুলির অধীনে বসুন্ধরা কিংস অ্যারেনায় গত ২৭ আগস্ট থেকে শুরু হয়েছে ক্যাম্প। যোগ দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ছয় ফুটের বেশি উচ্চতার দুই খেলোয়াড় সাইফ কেরাওয়ালা এবং ইয়াসার তাহমিদ।
সাইফ ও তাহমিদকে জাতীয় দলে জায়গা করে নিতে দিতে হবে ট্রায়াল। এর মাধ্যমে জানা যাবে তারা মূল স্কোয়াডে জায়গা পাবেন কিনা। সাইফ কেরাওয়ালা মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী গোলকিপার এবং ইয়াসার তাহমিদ কানাডা প্রবাসী ডিফেন্ডার, তিনি সেন্টারব্যাক পজিশনে খেলেন। তাহমিদ বর্তমানে খেলছেন রোমানিয়ার চতুর্থ স্তরের লিগে।
প্রবাসী দুই খেলোয়াড়ের জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পে যোগ দেয়া নিয়ে ম্যানেজার আমিরুল ইসলাম বাবু বলেছেন, ‘বাইরে থেকে আমাদের আরও দুজন খেলোয়াড় এসেছে। বিশেষ করে তাহমিদ এসেছে, কানাডা থেকে এসেছে। তাহমিদ হয়তো কালকে থেকে অনুশীলন করবে।’
সাইফ কেরাওয়ালা বাংলাদেশ দলের অনুশীলনে যোগ দিয়েছেন গত ২ সেপ্টেম্বর। তার অনুশীলন ভালো হচ্ছে বলে ম্যানেজার জানান, ‘আমাদের একটা গোলকিপার এসেছে এবং অনেক লম্বা, ছয় ফুটের উপরে। অনুশীলন করছে এবং খুব ভালো অনুশীলন করছে। আমরা আশা করি ভালো কিছু করবে, সাইফের থেকে ভালো কোনকিছু আমরা আশা করছি।’
আগামী ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ফিফা আসিয়ান কাপের প্রথম আসর। আসরে ‘প্রিমিয়ার ডিভিশন’ বিভাগে খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ- মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং স্বাগতিক ইন্দোনেশিয়া।









