রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইয়ের সময় বগুড়ার স্কুলশিক্ষিকা রনজিনা পারভীন নিহত হওয়ার ঘটনায় প্রধান সন্দেহভাজন মো. পনি ওরফে প্যারা পনি ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব-২। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) বিকেলে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাবে র্যাব।
এর আগে শনিবার চোখের চিকিৎসার জন্য স্বামীর সঙ্গে বগুড়া থেকে ঢাকায় এসে ছিনতাইকারীদের কবলে পড়ে প্রাণ হারান রনজিনা পারভীন। তিনি বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
জানা গেছে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফার্মগেটের ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাওয়ার জন্য শুক্রবার রাতে স্বামীর সঙ্গে ঢাকায় রওনা হন রনজিনা। শনিবার ভোরে তারা গাবতলী বাস টার্মিনালে পৌঁছান। সেখান থেকে রিকশায় করে হাসপাতালে যাওয়ার পথে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইয়ের শিকার হন তিনি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পেছন থেকে একটি মোটরসাইকেলে করে এসে ছিনতাইকারীরা রনজিনার ব্যাগ ধরে টান দেয়। এ সময় রিকশা থেকে রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় প্রধান সন্দেহভাজন প্যারা পনি ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়।









