মার্কিন মুদ্রায় নিজের ছবি যুক্ত করে নতুন ইতিহাস গড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক শতাব্দীর মধ্যে প্রথমবার কোনো জীবিত মার্কিন প্রেসিডেন্টের প্রতিকৃতি দেশটির মুদ্রায় স্থান পেয়েছে।
বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি সূত্রে জানা যায়, বুধবার যুক্তরাষ্ট্রের মিন্ট ট্রাম্পের প্রতিকৃতি সংবলিত ১ ডলারের বিশেষ স্মারক কয়েন বাজারে ছাড়ে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে তৈরি এই কয়েনে ট্রাম্পের ছবির পাশাপাশি ‘লিবার্টি’ এবং ‘ইন গড উই ট্রাস্ট’ লেখা রয়েছে।
ইউএস মিন্ট বলেছে, বিশেষ সংস্করণের এই কয়েনটি দেশের ঐতিহাসিক ২৫০তম বার্ষিকী সামনে রেখে ‘দেশের চেতনা, গর্ব ও ঐতিহ্য’ তুলে ধরছে।
২৫টি কয়েনের এক রোলের দাম রাখা হয়েছে ৬১ ডলার এবং ১০০টি কয়েনের একটি ব্যাগের দাম ১৫৪.৫০ ডলার। বিক্রি শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই মিন্টের ওয়েবসাইটে কয়েনগুলো ‘বর্তমানে মজুত নেই’ দেখানো হয়।

ওয়াশিংটন ডিসিতে ইউএস মিন্টের দোকানের ভেন্ডিং মেশিনেও কয়েনগুলো বিক্রি করা হচ্ছে।
কয়েনটির রং সোনালি হলেও এতে কোনো স্বর্ণ নেই। ইউএস মিন্টের তথ্য অনুযায়ী, কয়েনটি ৮৮ দশমিক ৫ শতাংশ তামা দিয়ে তৈরি। বাকি অংশে রয়েছে জিংক, ম্যাঙ্গানিজ ও নিকেল।
ইউএস মিন্ট জানিয়েছে, ‘ঐতিহাসিক এই জাতীয় মাইলফলক উদ্যাপনের জন্য’ কয়েনটি তৈরি করা হয়েছে। প্রতিষ্ঠানটির ভাষায়, এটি প্রজন্মে একবার আসা এমন একটি বার্ষিকী উপলক্ষে তৈরি বিশেষ নকশা, যা আধুনিক সংগ্রহে উল্লেখযোগ্য সংযোজন হয়ে উঠতে পারে।
মার্কিন আইনে জীবিত কোনো ব্যক্তির ছবি যুক্ত করে দেশটির কাগুজে মুদ্রা ছাপানো নিষিদ্ধ। ট্রাম্পের মিত্র কয়েকজন কংগ্রেস সদস্য অবশ্য এই নিয়মে ব্যতিক্রম আনার জন্য একটি বিল উত্থাপন করেছেন। তবে প্রস্তাবটি বর্তমানে অগ্রসর হয়নি।
এর আগে ১৯২৬ সালে যুক্তরাষ্ট্রের ১৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তৎকালীন প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজের ছবি সংবলিত একটি হাফ-ডলার কয়েন বাজারে ছাড়া হয়েছিল। ফলে ট্রাম্পের আগে জীবিত কোনো মার্কিন প্রেসিডেন্টের ছবি মুদ্রায় ব্যবহারের নজির ছিল কুলিজের ক্ষেত্রে।
ট্রাম্প প্রশাসন ২০২০ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে পাস হওয়া ‘সির্কালাটিং কলেক্টিবল কয়েন রিডিজাইন এক্ট’-এর কথাও উল্লেখ করেছে। এই আইনে কয়েনের পেছনের অংশে জীবিত ব্যক্তির প্রতিকৃতি ব্যবহারে নিষেধাজ্ঞা থাকলেও সামনের অংশে এ বিষয়ে স্পষ্ট নিষেধাজ্ঞা নেই। নতুন ১ ডলারের কয়েনে ট্রাম্পের প্রতিকৃতি রয়েছে সামনের অংশে।
এ ছাড়া ১৮৬৬ সালের ‘থায়ের অ্যামেন্ডমেন্ট’ মার্কিন নোটে জীবিত কোনো ব্যক্তির প্রতিকৃতি ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়। তবে এই বিধান ঐতিহ্যগতভাবে কয়েনের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
এর আগে মে মাসে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছিলেন, ট্রাম্পের প্রতিকৃতি সংবলিত ২৫০ ডলারের নতুন নোট প্রকাশের পরিকল্পনা করছে ট্রেজারি বিভাগ। তবে জীবিত ব্যক্তির ছবি মার্কিন কাগুজে মুদ্রায় ব্যবহারের আইনি বাধা থাকায় সেই উদ্যোগ নিয়ে প্রশ্ন রয়েছে।









