জার্মানির সঙ্গে কূটনৈতিক উত্তেজনা বাড়ার মধ্যে দেশটিতে থাকা জার্মানির সাংস্কৃতিক প্রতিষ্ঠান গ্যাটে ইনস্টিটিউটের কেন্দ্রগুলো বন্ধের ঘোষণা দিয়েছে রাশিয়া।
সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানি গত মাসে লাইপজিগ/হালে বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনায় মস্কোকে দায়ী করার পর বার্লিনে রুশ সাংস্কৃতিক কেন্দ্রের কার্যক্রম বন্ধ এবং বন শহরে রাশিয়ার কনস্যুলেট বন্ধের সিদ্ধান্ত নেয়। এর পাল্টা পদক্ষেপ হিসেবে রাশিয়া গোয়েথে-ইনস্টিটিউটের কেন্দ্রগুলো বন্ধ করছে।
বুধবার ২ সেপ্টেম্বর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানান, মস্কো, সেন্ট পিটার্সবার্গ ও ইয়েকাতেরিনবার্গে গ্যাটে ইনস্টিটিউটের কার্যক্রম বন্ধ করা হবে।
রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে লাভরভ বলেন, জার্মানি ইচ্ছাকৃতভাবে রুশ সাংস্কৃতিক কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। তাদের এই পদক্ষেপের অর্থ রাশিয়ায় জার্মানির সাংস্কৃতিক উপস্থিতির অবসান।
তিনি বলেন, পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ইউক্রেন সংকটসহ নানা জটিলতার মধ্যেও গোয়েথে-ইনস্টিটিউটের কেন্দ্রগুলো এতদিন চালু ছিল।
এদিকে বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর ক্রেমলিন জানিয়েছে, বন শহরে রাশিয়ার কনস্যুলেট বন্ধের সিদ্ধান্ত নিয়ে জার্মানি অসঙ্গতিপূর্ণ ও অযৌক্তিক অবস্থান নিয়েছে।
গত মাসে বিস্ফোরকবোঝাই একটি ড্রোনকে ঘিরে ঘটনাটি ঘটে। এর পর থেকেই ইউরোপে সম্ভাব্য নাশকতা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ন্যাটোর অভিযোগ, ইউক্রেনের মিত্রদের অস্থিতিশীল করতে রাশিয়া এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে।
তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করেছেন, ড্রোনের ঘটনায় মস্কোকে দায়ী করার জন্য জার্মানি প্রমাণ সাজিয়েছে।
১৯৯২ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরপরই মস্কোতে রাশিয়ার প্রথম গ্যাটে ইনস্টিটিউট চালু হয়। এর আগে ২০১৮ সালে যুক্তরাজ্যের সঙ্গে কূটনৈতিক বিরোধের জেরে রাশিয়া ব্রিটিশ কাউন্সিল বন্ধ করে দিয়েছিল।
বুধবার রুশ পররাষ্ট্রমন্ত্রীর উপমন্ত্রী আলেক্সান্ডার গ্রুশকো জানিয়েছেন, বন শহরে রাশিয়ার কনস্যুলেট বন্ধের জবাবে খুব শিগগিরই পাল্টা পদক্ষেপ নেবে মস্কো।









