ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের তারকা স্ট্রাইকার কাইলিয়ান এমবাপেকে একনায়ক হিসেবে চিত্রিত করে একটি ভাইরাল মিম ছড়িয়েছে। এ মিমের কড়া সমালোচনা বলেছেন এ তারকা স্ট্রাইকার। সামাজিক যোগাযোগমাধ্যমের এই ট্রেন্ডটি নিয়ে এমবাপে বলেছেন, মানুষের রাজনৈতিক ও মানবিক সচেতনতার অভাবের বহিঃপ্রকাশ এটি।
ফরাসি সংবাদমাধ্যম লে’কিপকে দেয়া সাক্ষাৎকারে এমবাপে বলেন যে, তিনি এর হাস্যরসাত্মক দিকটি দেখতে পেয়েছেন। তবে বিষয়টি নিয়ে তিনি উদ্বিগ্ন যে, এই মিমটি একটি গুরুতর বিষয়কে কত হালকাভাবে উপস্থাপন করছে। তিনি বলেন-
‘এক দিক থেকে এটি কিছুটা মজার, কারণ আপনার মনে হতে পারে যে কিছু মানুষের কাছে এটি স্রেফ আনন্দদায়ক। কিন্তু এর আরেকটি দিক রয়েছে যেটা ততোটা মজার নয়। কারণ আমরা জানি ইতিহাসের বিভিন্ন সময়ে এ ধরনের মানুষেরা কী পরিমাণ ক্ষতি সাধন করেছে।’
‘যারা অন্যদের হত্যা করেছেন কিংবা কোটি কোটি মানুষের জীবনে দুর্দশা ডেকে এনেছেন, তাদের সঙ্গে তুলনা করাটা—আমার মনে হয় না আমি জীবনে এমন কিছু করেছি। সুতরাং, এখানে নানা অনুভূতির মিশ্রণ রয়েছে। আমি জানি এটি হালকা চালে করা হয়েছে এবং ব্যাপারটি দূর পর্যন্ত গড়ানোর কথা নয়। তবে এটি সম্ভবত মানুষের রাজনৈতিক এবং মানবিক সচেতনতার অভাবকেই ফুটিয়ে তোলে।’
সামরিক পোশাকে ফরাসি তারকাকে ফুটিয়ে তোলা এই মিমটির উৎপত্তি কোথায়, তা অজানা। তবে এটি ২০২৪ সালে এমবাপের একটি কাবাবের দোকানের মালিকের বিরুদ্ধে মামলা করার ঘটনা থেকে উদ্ভূত হতে পারে, যেখানে স্যান্ডউইচের বর্ণনায় তার নাম ব্যবহার করা হয়েছিল। অন্যদের মতে, মাদ্রিদ এবং আগের ক্লাব প্যারিস সেন্ট জার্মেইনে এ তারকার প্রভাব কতখানি, মিমটি মূলত সেই ইঙ্গিতই বহন করে।









