ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের পিতা বিশিষ্ট কেমিক্যাল ব্যবসায়ী মরহুম আলহাজ্ব মকবুল আহমেদ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মকবুল-আশুরা ট্রাস্টের উদ্যোগে এ উপলক্ষে ঢাকার মোহাম্মদপুর ও লক্ষ্মীপুরের রামগঞ্জে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
মোহাম্মদপুরের শেরশাহসুরি রোডের জামিয়া ইসলামিয়া বাইতুল ফালাহ মাদ্রাসা ও এতিমখানা এবং সলিমুল্লাহ রোডের জামিআ ইসলামিয়া ওয়াহিদিয়া মাদ্রাসা ও এতিমখানায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া মরহুমের প্রতিষ্ঠিত লক্ষ্মীপুরের রামগঞ্জের ফাতেমা (রা.) মহিলা আলীম মাদ্রাসায়ও মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া শেষে মোহাম্মদপুর ঈদগাহ মাঠে মরহুমের কবরে ফাতেহা পাঠ ও মোনাজাত করা হয়।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে মকবুল-আশুরা ট্রাস্টের পক্ষ থেকে রামগঞ্জের ফাতেমা (রা.) মহিলা আলীম মাদ্রাসার ৩৪৩ জন, পানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০৭ জন এবং রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮০ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়।
ঢাকায় অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমের জ্যেষ্ঠ ছেলে হাসান আহমেদ চৌধুরী কিরণ, ছোট ছেলে হোসেন আহমেদ চৌধুরী কাজলসহ পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, মৃত্যুর পরও মানুষ তার কর্মগুণে বেঁচে থাকে। ক্ষমতা, ধন-দৌলত যাই থাকুক না কেন সবাইকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। মৃত্যু এক অনিবার্য সত্য। তাই বেঁচে থাকা অবস্থায় মানুষের মহৎ কাজগুলোই স্মরণীয় হয়ে থাকে। এ কারণে জীবদ্দশায় সমাজ ও মানুষের কল্যাণে কাজ করা উচিত।
তিনি আরও বলেন, তার বাবা সামাজিক উন্নয়নের লক্ষ্যে যেসব কাজ ও ইচ্ছা অসম্পূর্ণ রেখে গেছেন, সেগুলো পূরণে তিনি ও তার পরিবার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন।









