ভারতের বিপক্ষে সাম্প্রতিক ম্যাচগুলোতে দেশটির অধিনায়কের সঙ্গে হাত মেলাননি বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সর্বশেষ এশিয়া কাপের সেমিফাইনালের পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এ নিয়ে বিসিবির অবস্থান পরিস্কার করেছেন নারী উইংয়ের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। তার মতে, জ্যোতির হাত না মেলানো একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত।
শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাবু জানান এমন। বলেছেন, ‘অবশ্যই এটা তার নিজের সিদ্ধান্ত। আর আমরা একটা জিনিস মনে করি, খেলাধুলার মাধ্যমে সারা বিশ্ব ঐক্যবদ্ধ হয়। যদি খেলাধুলার মাধ্যমে বিভেদের সৃষ্টি হতো, তাহলে ইরান কোনোদিনও আমেরিকায় খেলতে যেতো না। সুতরাং আমরা চাই, এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা সব দেশের সঙ্গেই থাকুক। এটা ভারত বলে নয়, সবার সাথেই থাকুক। আর যে যেটা করেছে, সেটা একেবারেই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। এটা আমরা কিছুই জানি না।’
এদিকে নারী দলের অধিনায়ক ও কোচিং প্যানেল নিয়ে সাম্প্রতিক সময়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। তবে এশিয়ান গেমসের আগে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না বিসিবি। বাবু জানান, এশিয়ান গেমসে দলের পারফরম্যান্স দেখার পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, ‘আমরা দেখি। যেহেতু ইতোমধ্যে দল ঘোষণা করা হয়েছে, তারা এশিয়ান গেমসে কেমন খেলে, সেটা দেখি। আমরা আশা করছি তারা ভালো খেলবে। তারপর আমরা সিদ্ধান্ত নেব, আসলে কী করা যায়। এরপর আমাদের অস্ট্রেলিয়া সফর আছে, নিউজিল্যান্ড সফর আছে, আরও অনেক কিছু করার আছে আমাদের।’
জ্যোতির নেতৃত্ব নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগও উঠেছে। একই সঙ্গে ব্যাট হাতে তার পারফরম্যান্সও প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না। পুরুষ ক্রিকেটে পারফরম্যান্স ও নানা কারণে দ্রুত অধিনায়ক পরিবর্তনের নজির রয়েছে। নারী দলের ক্ষেত্রেও এমন কোনো সিদ্ধান্ত আসবে কি না, জানতে চাওয়া হয়েছিল বিসিবির এই পরিচালকের কাছে।
জবাবে বাবু বলেন, ‘আমরা পুরো বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আমি আমাদের বোর্ড প্রেসিডেন্টসহ সবাই আলোচনা করেছি। ইনশাআল্লাহ দেখবেন, যেহেতু এশিয়ান গেমসে নাম অনেক আগে দিতে হয়, আপনারা এটা জানেন। সুতরাং এখানে সবকিছুই ঠিকঠাকমতো করা হয়েছে। আর যে অভিযোগগুলো আছে, সেগুলো ইনশাআল্লাহ আমরা খতিয়ে দেখব এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’
এশিয়ান গেমসে ভালো পারফরম্যান্স করলে জ্যোতিই অধিনায়ক থাকবেন কি না- অবশ্য এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি বাবু। বলেছেন, ‘আমাদের দলে অনেক ঘাটতি আছে। আমরা বড় বড় দেশগুলোকে তো পরাজিত করতে পারিনি। বিশ্বকাপেও কিন্তু আমরা অনেক ভালো খেলেছি, তারপরও সামান্য ভুলের জন্য পরাজিত হয়েছি। সেই বিষয়গুলো নিয়েই আমরা কাজ করছি-কীভাবে এই দলটাকে আরও সুন্দর করা যায় এবং শক্তিশালী করা যায়, সেটা নিয়ে কাজ করছি।’









