অস্ট্রেলিয়া এবং ভারতের বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা, এ খবর বেশ পুরনো। এবার সিঙ্গাপুরে খেলবে চারজাতি টুর্নামেন্ট। যেখানে এশিয়ার স্বাগতিক দেশটি ছাড়াও সেলেসাওদের প্রতিপক্ষ হবে জাপান এবং প্যারাগুয়ে।
বৃহস্পতিবার আয়োজকরা বিষয়টি জানিয়েছে। নভেম্বরে সিঙ্গাপুরে চার দলের আন্তর্জাতিক টুর্নামেন্টটি আয়োজন করা হবে। যেখানে জাপান বিশ্বকাপে ব্রাজিলের কাছে তাদের হৃদয়বিদারক হারের প্রতিশোধ নেয়ার সুযোগ পাবে। হিউস্টনে শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল মার্টিনেলির গোলে ব্রাজিল ২-১ গোলে জিতে শেষ ৩২ পা রেখেছিল।
৩ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ফিফা আন্তর্জাতিক বিরতিতে গড়াবে ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ টুর্নামেন্টটি। ১৩ নভেম্বর সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে স্বাগতিকরা প্যারাগুয়ের মুখোমুখি হবে। ১৪ নভেম্বর জাপানের বিপক্ষে নামবে ব্রাজিল। ১৭ নভেম্বর দুটি ম্যাচ দিয়ে টুর্নামেন্টটি শেষ হবে। সেখানে সিঙ্গাপুর পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নের বিপক্ষে এবং জাপান প্যারাগুয়ের মুখোমুখি হবে।









