অনূর্ধ্ব-১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনে ভুটানের বিপক্ষে খেলবে স্বাগতিক বাংলাদেশ। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সোমবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে খেলাটি শুরু হবে।
টুর্নামেন্টের সব খেলা বিটিভি সরাসরি সম্প্রচার করবে। এছাড়া বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ইউটিউব চ্যানেলে সরাসরি খেলাগুলো দেখা যাবে।
বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে অতিথি হিসেবে খেলতে আসছে রাশিয়া। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় থাকছে উয়েফা। সংস্থাটির চাওয়া অনুযায়ী রাশিয়া সাফে খেলবে।
ফিফা র্যাংকিংয়ে ২৬তম স্থানে আছে রাশিয়া। বাংলাদেশের অবস্থান ১৪০তম। রাশিয়ার মতো শক্তিশালী দল টুর্নামেন্টে থাকায় বাংলাদেশের জন্য শিরোপা জেতা বেশ কঠিন হবে। লিগভিত্তিক আসরে পয়েন্ট টেবিলের সেরা দল হবে চ্যাম্পিয়ন। তাই প্রতিটি ম্যাচই খুব গুরুত্বপূর্ণ। প্রথম খেলায় তাই ভুটানকে বড় ব্যবধানেই হারাতে চাইবে লাল-সবুজের মেয়েরা।
অতীত পরিশংখ্যান মাথায় রাখলে বাংলাদেশের মেয়েদের কাছে ভুটানের পাত্তা পাওয়ার কথা নয়। জাতীয় দল কিংবা বয়সভিত্তিক, মেয়েদের ফুটবলে বাঘিনীদের কখনোই হারাতে পারেনি ভুটান।
বাংলাদেশ দলের অধিনায়ক রুমা আক্তার ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বলেন, যেহেতু কালকে আমাদের ভুটানের সাথে ম্যাচ, ভালো কিছু করতে চেষ্টা করব। রাশিয়ার মতো দলের সঙ্গে খেললে আশা করি ওদের কাছ থেকে শিখতে পারব।
বয়সভিত্তিক আসরে ম্যাচ বাই ম্যাচ এগিয়ে গিয়ে বাংলাদেশের শিরোপা জয়ের লক্ষ্যের কথাই বলেছেন বাংলাদেশ দলের হেদ কোচ গোলাম রব্বানি ছোটন। জানালেন, রাশিয়ার সাথে খেলার কথা ভেবে তার দলের মেয়েরা রোমাঞ্চিত।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বিকাল ৩টা ১৫ মিনিটে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে নেপাল।









