কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ২০ সেপ্টেম্বরের লকডাউন কর্মসূচির সমর্থনে বিশাল মশাল মিছিলের দৃশ্য দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটি আওয়ামী লীগের কোনো কর্মসূচির নয় বলে জানা গেছে।
ফ্যাক্টচেক করে দেখা গেছে, এটি গত ১২ আগস্ট মাদারীপুরে নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধের দাবিতে অনুষ্ঠিত মশাল মিছিলের ভিডিও।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একই ভিডিওর একাধিক সংস্করণ ছড়িয়ে পড়ে। ভিডিওগুলোতে দাবি করা হয়, আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির সমর্থনে নেতাকর্মীরা এই মশাল মিছিল করেছেন।
ভিডিওটির উৎস অনুসন্ধান করে ভিন্ন তথ্য পাওয়া যায়। রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ‘ariyan_ahmed_nusan’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ১৩ আগস্ট একই ভিডিও পাওয়া যায়। পোস্টটির ক্যাপশনে ‘মাদারীপুর মশাল মিছিল’ লেখা রয়েছে।
এরপর কী-ওয়ার্ড সার্চে ‘মাদারীপুর মৈত্রী মিডিয়া’ নামের একটি ফেসবুক পেজেও গত ১৩ আগস্ট একই ভিডিও প্রকাশিত হতে দেখা যায়। পোস্টের তথ্য অনুযায়ী, মাদারীপুরের বিভিন্ন নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ওই কর্মসূচিতে ছাত্রদল, ছাত্রশিবির, গণঅধিকার পরিষদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন এলাকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা অংশ নেন বলে পোস্টটিতে উল্লেখ করা হয়।
ঘটনাটি নিয়ে একাধিক সংবাদমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এসব প্রতিবেদনে বলা হয়, ১২ আগস্ট রাতে মাদারীপুরে নদ-নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধের দাবিতে মশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের শকুনি লেকপাড়ের মুক্তমঞ্চ এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর মডেল থানার সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রকাশিত ভিডিও প্রতিবেদনেও একই মশাল মিছিলের দৃশ্য পাওয়া যায়। এসব ভিডিওর দৃশ্যের সঙ্গে বর্তমানে আওয়ামী লীগের কর্মসূচির দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওটির মিল রয়েছে।
ভিডিওতে থাকা মিছিলের ব্যানার, অংশগ্রহণকারীদের অবস্থান এবং মিছিলের দৃশ্যও মাদারীপুরের ওই কর্মসূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
ভিডিওটি আওয়ামী লীগের ২০ সেপ্টেম্বরের লকডাউন কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত হওয়ার দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।
এটি ১২ আগস্ট মাদারীপুরে অবৈধ ড্রেজার ব্যবহার করে নদীর তলদেশ কেটে বালু উত্তোলন এবং পরিবেশের ক্ষতি বন্ধের দাবিতে অনুষ্ঠিত মশাল মিছিলের ভিডিও।









