৪৫ বছর পর গ্রেপ্তার জিয়া হত্যা মামলার আসামি মোজাফফর হোসেনকে মানবতাবিরোধী অপরাধ মামলায় আগামী বৃহস্পতিবার (২৩ জুলাই) আদালতে হাজির করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল ২।
মঙ্গলবার ২১ জুলাই দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ নির্দেশ দেন।
আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের একাধিক অভিযোগ থাকার কথা আদালতকে জানায় প্রসিকিউশন। তারা জানান, আসামি মোজাফফর হোসেন বর্তমানে মিলিটারি পুলিশের হেফাজতে আছেন। এর পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আদালত।
এর আগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশনা চেয়ে আবেদন করে প্রসিকিউশন। গত বৃহস্পতিবার মাসুদ উদ্দীন চৌধুরীর কথোপকথনের সূত্র ধরে ৪৫ বছর পর গ্রেপ্তার করা হয় তাকে। এরপরে তাকে নেয়া হয় জিয়া হত্যার ঘটনাস্থলে।
গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, জিয়াউর রহমান হত্যা মামলার এই আসামির বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে৷ তবে, প্রসিকিউশন জানিয়েছে মোজাফফরকে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার ও বিচারের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে৷ তার বিরুদ্ধে তদন্তও শুরু হয়েছে বলে জানান তিনি।









