মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও নতুন ক্ষেপণাস্ত্র তৈরি ও এর পরীক্ষা চালানো অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরান।
পরমাণু চুক্তির শর্ত পূরণ করায় ইরানের উপর পশ্চিমাদের আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর, ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সহযোগিতার অভিযোগে ১১টি ইরানি প্রতিষ্ঠান ও কয়েক ব্যক্তির উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে কঠোর নিন্দা জানিয়েছে ইরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, গত অক্টোবরে ইরান যে ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে, তা পরমাণু অস্ত্র বহনে সক্ষম নয়। যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা আইনগত ও নৈতিকভাবে অবৈধ। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়াবে বলেও জানান তিনি।
নতুন নিষেধাজ্ঞা আরোপের ফলে ইরানের পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষায় যারা যুক্ত ছিলেন, তারা যুক্তরাষ্ট্রের ব্যাংকিং ব্যবস্থায় অংশ নিতে পারবেন না।
ওয়াশিংটন বলছে, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকির কারণেই নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা।
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহগান বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও নতুন ক্ষেপণাস্ত্র তৈরি ও এর পরীক্ষা চালানো অব্যাহত রাখবে ইরান।






