মাত্র ২২ বছর বয়সে রহস্যজনকভাবে মারা গেলেন জনপ্রিয় ইউটিউবার অ্যানাবেল হ্যাম। নেটিজেনদের সঙ্গে নিজের দৈনন্দিন জীবনের বিশেষত কলেজ জীবনের নানান মুহূর্ত ভাগ করে নিতেন এই তরুণী। যিনি সোশ্যাল মিডিয়ায় অন্যতম জনপ্রিয় একটি নাম ছিলেন।
গেল শনিবার সামনে এসেছে অ্যানাবেলের মৃত্যুর খবর! তবে কীভাবে মৃত্যু হয়েছে তার সেই নিয়েই চলছে এখন ধোঁয়াশা। ডেইলি মেইল সূত্রে খবর, সম্প্রতি এক ব্যাচেলর পার্টিতে যোগ দিয়েছিলেন সামাজিক মাধ্যমের এই তারকা। সেখান থেকে আচমকাই গায়েব হয়ে যান তিনি!
এরপর শনিবার তার মরদেহ উদ্ধার হয়। আলবামা ল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের তরফে এই তরুণীর নিরুদ্দেশ হওয়ার পাশাপাশি তার লাশ উদ্ধারের খবর প্রকাশ্যে আনা হয়। যদিও প্রথমে সেই মরদেহের পরিচয় গোপন রাখা হয়। অ্যানাবেলের পরিবারের তরফে এই নিয়ে কোন মন্তব্য করা হয়নি।
তবে গেল সোমবার ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্ট করে অ্যানাবেল হ্যামের মৃত্যুর খবর জানান তার বোন অ্যামেলিয়া। তিনি লেখেন, ‘আমি মাঝেমধ্যে বুঝে উঠতে পারি না, ইশ্বর কেন এমন করেন। আমি ভাষায় প্রকাশ করতে পারব না, এটা কতটা কঠিন। তুমি কখনই ভেবে উঠতে পারবে না এমনকিছু তোমার সঙ্গে ঘটতে পারে, যতক্ষণ না পর্যন্ত সেটা ঘটবে।’
এদিকে অ্যানাবেলের মৃত্যুকে ঘিরে রহস্যের সৃষ্টি হলেও তার পরিবারের তরফে ইনস্টাগ্রামে এক বিবৃতি দিয়ে বলা হয়, মৃগীরোগের উপসর্গ দেখা গিয়েছিল তার শরীরে। এরপরই নাকি মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। দীর্ঘদিন ধরেই এই রোগে আক্রান্ত অ্যানাবেল।
ইউটিউবে ৭৭ হাজার সাবস্ক্রাইবার রয়েছে প্রয়াত অ্যানাবেলের, ইনস্টাগ্রামেও তার ফলোয়ার সংখ্যা এক লক্ষাধিক। টিকটকেও সমান জনপ্রিয় তিনি। ফলোয়ারদের সঙ্গে নিয়মিত ফিটনেস ও বিউটি টিপস শেয়ার করে নিতেন তিনি।
সূত্র: হিন্দুস্থান টাইমস









