এই খবরটি পডকাস্টে শুনুনঃ
আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরে সাংবাদিকদের বিষয়টি জানান আইনজীবী নুর নবী বুলবুল।
গত ৭ সেপ্টেম্বর মুন্সীগঞ্জের শ্রীনগরের বাসিন্দা মো. আল আমিন হাইকোর্টে রিটটি দায়ের করেন। তার পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ইউনূস আলী।
রোববার রিটের শুনানি শুরুর সময় আওয়ামী লীগপন্থি কয়েকজন আইনজীবী এজলাসে উপস্থিত হয়ে আবেদনটি প্রত্যাহারের অনুরোধ জানান। পরে আদালত রিটটির ওপর শুনানি না করে ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করে দেন।
রিট আবেদনে ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনকে কেন আইনি কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদন জানানো হয়েছিল। একই সঙ্গে রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রজ্ঞাপনটির কার্যকারিতা স্থগিত রাখার আবেদনও করা হয়।
২০২৫ সালের ১২ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির পাশাপাশি এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়, বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যমে প্রচার, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ এবং সম্মেলন আয়োজনসহ সব ধরনের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে।









