মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে সাউথ আফ্রিকাকে হারিয়ে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। এ নিয়ে টি-টুয়েন্টিতে ৬ষ্ঠ বারের মত বিশ্বসেরা শিরোপা নিজেদের করে নিল অজিরা। ফাইনালে স্বাগতিকদের ১৯ রানে হারিয়েছে মেগ ল্যানিংয়ের দল।
কেপটাউনে শিরোপার লড়াইয়ে টসে জিতে আগে ব্যাটে নামে অস্ট্রেলিয়া। ২০ ওভারে ৬ উইকেটে সংগ্রহ করে ১৫৬ রান। জবাবে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৩৭ রানে থামে স্বাগতিকরা।
রোববার প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা উড়ন্ত ছিল অস্ট্রেলিয়ার। ৩৬ রানের মাথায় ইতি ঘটে সেই সূচনার। পঞ্চম ওভারের শেষ বলে মারিজানে কাপের শিকার হন ওপেনার এলিসা হিলি। ২০ বলে ১৮ রান করেন তিনি। দ্বিতীয় উইকেট জুটিতে আসে আরও ৪৬ রান। ২১ বলে ২৯ রান করে আউট তিনে নামা ব্যাটার গার্ডনার।
১৪.১ ওভারে ১০৩ রানে তৃতীয় উইকেট হারায় অজিরা। ৯ বলে ১০ রান করে এনকুলুলোকো মাবার শিকার হন গ্রেস হ্যারিস। দলীয় ১২২ রানে ফেরেন অজি অধিনায়ক মেগ ল্যানিং। ১১ বলে ১০ রান করেন তিনি। এরপর ইনিংসের শেষ ওভারে ১৫৫ রানে পরপর দুই উইকেট হারায় সফরকারীরা।
নির্ধারিত ওভার শেষে ওপেনার বেথ মুনির ৫৩ বলে অপরাজিত ৭৪ রানের ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১৫৬ রান। স্বগতিকদের হয়ে দুটি করে উইকেট নেন শাবনিম ইসমাইল ও মারিজানে কাপ।
জবাবে নেমে শুরুতে কিছুটা ধীরে রান তুলছিল স্বাগতিকরা। পঞ্চম ওভারের শেষ বলে দলীয় ১৭ রানে আউট হয় ওপেনার তাজমিন ব্রিটস। ১৭ বলে ১০ রান করেন তিনি। নবম ওভারের শেষ বলে দ্বিতীয় উইকেট হারায় সাউথ আফ্রিকা। দলীয় ৪৬ রানে ফেরেন মারিজানে কাপ। ১১ বলে ১১ রান করেন তিনি।
দলীয় ৫৪ রানে রানআউটের শিকার হন অধিনায়ক সুনে লুউস। নিজের নামের ৫ বলে যোগ করেন মাত্র ২ রান। পাঁচে নামা ক্লোয়ে ট্রায়নকে দলকে টেনে নেয়ার চেষ্টা করেন ওপেনার লউরা উলভার্ট। ১৪.২ বলে নিজের অর্ধশতক পূর্ণ করেন তিনি।
দলীয় ১০৯ রানে আউট হন লউরা। ৪৮ বলে ৬১ রানের ইনিংস খেলেন তিনি। ১৭.৪ ওভারে পঞ্চম উইকেট হারায় স্বাগতিকরা। দলীয় ১২১ রানে ফেরেন ক্লোয়ে ট্রায়ন। ২৩ বলে ২৫ রান করেন তিনি। দুই বল পরেই ৬ষ্ঠ হারায় সাউথ আফ্রিকা। ২ বলে ১ রান করে রানআউটের শিকার হন আনিকা বোস।
এরপর নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ১৩৭ রানে থামে স্বাগতিকদের ইনিংস। অস্ট্রেলিয়ার হয়ে একটি করে উইকেট নেন মেগান স্কাউট, গার্ডনার, ব্রাউন ও জেস জোনাসেন।
আসরে সর্বোচ্চ ২৩০ রান করেছেন সাউথ আফ্রিকার লউরা উলভার্ট। সর্বোচ্চ ১১ উইকেট শিকার করেছেন ইংল্যান্ডের সোফি একলেস্টোন। ১১০ রান ও ১০ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হয়েছেন অজি অলরাউন্ডার অ্যাশলে গার্ডনার।









