পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা এবং ঈদে মিলাদুন্নবীর (সা.) তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) অনুষ্ঠিত হবে। সভার সিদ্ধান্তের পর জানা যাবে, বাংলাদেশে ঈদে মিলাদুন্নবী কবে পালিত হবে।
বুধবার (১২ আগস্ট) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সন্ধ্যা ৭টায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
হিজরি সনের ১২ রবিউল আউয়াল মুসলমানদের মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পৃথিবীতে আগমন ও তিরোধানের দিন হিসেবে পালিত হয়। মুসলিম বিশ্বে দিনটি ঈদে মিলাদুন্নবী হিসেবে পরিচিত। বাংলাদেশে এ উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বাংলাদেশের আকাশে কোথাও রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাতে বলা হয়েছে।
এ ছাড়া চাঁদ দেখার তথ্য জানাতে ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে ফোন বা ফ্যাক্সে যোগাযোগ করা যাবে।
চলতি বছরের সরকারি ছুটির তালিকায় ঈদে মিলাদুন্নবীর জন্য আগামী ২৬ আগস্ট বুধবার ছুটি নির্ধারণ করা হয়েছে। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে ধর্মীয় দিবসটির তারিখ নির্ধারিত হওয়ায় জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তই এ ক্ষেত্রে চূড়ান্ত হবে।









