ভারতের আহমেদাবাদ থেকে উড্ডয়নের পরপরই ভয়াবহ দুর্ঘটনায় পতিত হয় ইংল্যান্ডগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট। ২৪২ জন যাত্রী ও ক্রুদের মধ্যে ১জন ছাড়া বাকি সবার মৃত্যু হয়। হৃদয়বিদারক এই ঘটনায় পুরো ভারত শোকাহত। অনেক পরিবার হারিয়েছে তাদের প্রিয়জনকে।
প্রথমে ধারণা করা হয়েছিল যে নিহত ক্লাইভ কুন্ডার ছিলেন বিক্রান্ত ম্যাসির চাচাতো ভাই। কারণ দুর্ঘটনার পর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেতা লেখেন, “অত্যন্ত বেদনাদায়ক যে আমার কাকা ক্লিফোর্ড কুন্ডার তার ছেলে ক্লাইভ কুন্ডারকে হারিয়েছেন, যিনি ঐ দুর্ভাগ্যজনক ফ্লাইটের প্রথম অফিসার ছিলেন।”
এই বক্তব্য থেকেই অনেকেই ধরে নেন যে ক্লাইভ কুন্ডার ছিলেন ম্যাসির কাজিন। পরে বিক্রান্ত সোশ্যাল মিডিয়ায় আরো একটি পোস্ট দিয়ে এই ভুল ধারণা দূর করেন। তিনি লেখেন:“প্রিয় মিডিয়া ও বন্ধুরা, অত্যন্ত দুঃখজনকভাবে যিনি প্রয়াত হয়েছেন, সেই ক্লাইভ কুন্ডার আমার চাচাতো ভাই নন। কুন্ডার পরিবার আমাদের দীর্ঘদিনের ঘনিষ্ঠ পারিবারিক বন্ধু। অনুরোধ করবো আর কোনো জল্পনা না ছড়িয়ে পরিবারটিকে শান্তিতে শোক করার সুযোগ দিন।”
এই দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে, যখন আহমেদাবাদের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারটি ভেঙে পড়ে। ফ্লাইটটিতে মোট ২৪২ জন যাত্রী ছিলেন, যার মধ্যে ১২ জন ক্রু সদস্য। এই ১২ জনের একজন ছিলেন বিক্রান্তের পরিচিত জন।
দুর্ঘটনার কয়েক সেকেন্ড আগে ক্যাপ্টেন সুমিত সাবারওয়াল একটি ‘মে ডে’ কল পাঠান। প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, কেবল একজন যাত্রীই এই মর্মান্তিক দুর্ঘটনা থেকে জীবিত ফিরে এসেছেন।
এ ঘটনায় ভারতসহ পুরো বিশ্ব গভীর শোকাহত। বিক্রান্ত ম্যাসি এবং অন্যান্যরা অনুরোধ করেছেন—এই দুঃসময়ে পরিবার ও প্রিয়জনদের গোপনীয়তা ও মানসিক শান্তি রক্ষা করা হোক।









