নারায়ণগঞ্জে আব্দুল মান্নান নামে সদর নৌ থানা পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) অস্বাভাবিক আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ওই পুলিশ কর্মকর্তাকে ক্লোজড করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) গভীর রাতে শহরের শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে সদর নৌ থানার পাশের সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান শনিবার (৫ সেপ্টেম্বর) আব্দুল মান্নানকে ওই থানার এসআই হিসেবে নিশ্চিত করেছেন।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আব্দুল মান্নানকে অস্বাভাবিক আচরণ করতে দেখা যায়। কখনও তিনি মাটিতে বসে গান গাইছেন, আবার কখনও নাচছেন। একপর্যায়ে তাকে বিলাপ করতেও দেখা যায়। তার অসংলগ্ন কথাবার্তা ও আচরণে সেখানে স্থানীয় লোকজন জড়ো হন।
ভিডিওতে থাকা লোকজন তার এমন আচরণের কারণ জানতে চাইলে আব্দুল মান্নান দাবি করেন, স্ত্রী তাকে মারধর করেছেন। এ কারণে তিনি মদ পান করেছেন বলেও ভিডিওতে বলতে শোনা যায়।
তবে পুলিশের পক্ষ থেকে তার আচরণের বিষয়ে ভিন্ন ব্যাখ্যা দেওয়া হয়েছে। ওসি রকিবুজ্জামান বলেন, ‘পারিবারিক কারণে আব্দুল মান্নান মানসিক সমস্যায় ভুগছেন। তার পরিবারের কাছ থেকে চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র সংগ্রহ করা হয়েছে।’
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। পরে আব্দুল মান্নানকে ক্লোজড করা হয়।
ঘটনাটি নিয়ে পুলিশের পক্ষ থেকে তদন্ত চলছে বলে জানিয়েছেন সদর নৌ থানার ওসি।









