ইরানকে কেন্দ্র করে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ার মধ্যে মধ্যপ্রাচ্যের অন্তত ১১টি দেশে থাকা মার্কিন কূটনৈতিক মিশন নিরাপত্তা সতর্কতা জারি করেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জারি করা এসব সতর্কবার্তায় ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে ইরানে থাকা মার্কিন নাগরিকদের দ্রুত দেশটি ছাড়ার আহ্বান জানিয়েছে তেহরানে যুক্তরাষ্ট্রের ভার্চুয়াল দূতাবাস।
এক সতর্কবার্তায় ইউএস ভার্চুয়াল দূতাবাস তেহরান জানায়, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। যেকোনো সময় পরিস্থিতির অপ্রত্যাশিত অবনতি হতে পারে। সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ হয়ে যাওয়া এবং ভ্রমণ ব্যাহত হওয়ার বিষয়েও মার্কিন নাগরিকদের প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সতর্কবার্তায় ইরানে ভ্রমণ না করার নির্দেশনাও দেওয়া হয়েছে। এতে বলা হয়, কোনো কারণেই ইরান ভ্রমণ করা উচিত নয় এবং দেশটিতে থাকা মার্কিন নাগরিকদের এখনই ইরান ত্যাগ করা উচিত।
তেহরানের পাশাপাশি বাহরাইন, ইরাক, ইসরায়েল, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন কূটনৈতিক মিশনগুলোও একই সময়ে নিরাপত্তা সতর্কতা জারি করেছে।









