মার্কিন উপ-সহকারী সচিব আফরিন আক্তার ১৬ ও ১৭ অক্টোবর বাংলাদেশ সফর করছেন। তার এই সফর ফলপ্রসূ হয়েছে বলে মার্কিন দূতাবাস থেকে জানানো হয়। এ সময় তিনি ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের সদস্য, রোহিঙ্গা শরণার্থী এবং মানবিক সংস্থার প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন।
বুধবার ১৮ অক্টোবর মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, গত ১৬ থেকে ১৭ অক্টোবর মার্কিন এই উপ-সহকারী সচিব ঢাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে বৈঠক করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আফরিন আক্তার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং বাংলাদেশ সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ফলপ্রসূ বৈঠক করেন। তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্বের ওপর জোর দেন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নসহ পারস্পরিক স্বার্থের অন্যান্য ক্ষেত্র নিয়ে আলোচনা করেন।
প্রতিনিধি দলটি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী, বাংলাদেশের সরকারি কর্মকর্তা এবং মানবিক সংস্থার সাথে বৈঠকে করেন। এছাড়াও, প্রতিনিধি দল শরণার্থীদের জীবন এবং সেই সাথে শিবিরের অবস্থা সম্পর্কে জানার চেষ্টা করেন।









