মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত হয়ে আসা নতুন ১ লাখ ১৩ হাজার রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রতি অনুরোধ জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর।
সোমবার ২৮ এপ্রিল সংস্থাটির পক্ষ থেকে এই অনুরোধ জানানো হয়েছে বলে তুরস্কভিত্তিক রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদোলুকে জানিয়েছেন, রোহিঙ্গা শরণার্থী বিষয়ক সরকারি সংস্থা রেফিউজি রিলিফ অ্যান্ড রিপ্যাট্রিয়েশন কমিশনের (আরআরআরসি) কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান।
মিজানুর রহমান বলেন, ইউএনএইচসিআর গত সপ্তাহে আমাদের দফতরে একটি চিঠি পাঠিয়েছে, যেখানে নতুন করে আসা রোহিঙ্গাদের জন্য আবাসনের ব্যবস্থা করতে অনুরোধ জানানো হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে নতুন আগতরা ক্যাম্পের মধ্যে অস্থায়ী তাঁবু, শিক্ষা কেন্দ্র এবং মসজিদে অবস্থান করছে। তবে স্থায়ী আবাসন নির্মাণের জন্য পর্যাপ্ত জমির অভাব রয়েছে।
নতুন আগমনের ফলে বাংলাদেশের উপকূলীয় কক্সবাজার জেলায় আশ্রয় নেওয়া রোহিঙ্গার মোট সংখ্যা ১৩ লক্ষেরও বেশি হয়েছে। ২০১৭ সালে মিয়ানমারের সশস্ত্র বাহিনীর সামরিক অভিযানের পর বেশিরভাগই প্রাথমিকভাবে সেখানে পৌঁছেছিল।
ইউএনএইচসিআর অনুরোধ জানালেও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনও কোনও জবাব দেয়া হয়নি। এদিকে আরআরআরসি কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছেন, এটি ভবিষ্যতে প্রত্যাবাসন প্রচেষ্টাকে জটিল করে তুলতে পারে, যার ফলে আরও বেশি লোক সীমান্ত অতিক্রম করতে উৎসাহিত হতে পারে।









