যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার কারণে পর্নোতারকার মুখ বন্ধ রাখতে ঘুষ দেওয়ার মামলায় দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সাজা ঘোষণা নির্বাচনের পর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে।
বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (৬ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বিচারক জুয়ান মেরচান এই সিদ্ধান্ত নেন। ১৮ সেপ্টেম্বর ডোনাল্ড ট্রাম্পের সাজা ঘোষণার তারিখ নির্ধারিত ছিল, যা এখন ২৬ নভেম্বর করা হয়েছে।
আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হবে। তাই রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প তার আইনজীবীদের মাধ্যমে আদালতে আবেদন করেন সাজা ঘোষণার তারিখ পিছিয়ে দেওয়ার জন্য।
মামলাটি ট্রাম্পের ব্যক্তিগত আচরণের সঙ্গে সংশ্লিষ্ট, প্রেসিডেন্ট হিসেবে তার কোনও রাষ্ট্রীয় কাজের সঙ্গে নয় বলে প্রসিকিউটররা দাবি করলেও সাজা ঘোষণার তারিখ পিছিয়ে দেওয়ার বিষয়ে নিরপেক্ষ অবস্থান নেন।
ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০১৬ সালের নির্বাচনের আগে পর্নোতারকা স্টর্মি ড্যানিয়েলসকে মুখ বন্ধ রাখতে তার আইনজীবীর মাধ্যমে ১ লাখ ৩০ হাজার ডলার প্রদান করেছিলেন।
এছাড়াও এই ঘটনা লুকাতে ব্যবসায়িক রেকর্ড জাল করেছিলেন। মে মাসে তাকে দোষী সাব্যস্ত করা হয়। তবে তিনি অভিযোগ অস্বীকার করেছেন এবং আপিল করার ঘোষণা দিয়েছেন।









