বাবাসহ আদালতে হাজির করা হয়েছে যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের একটি স্কুলে গুলি ৪ জনকে হত্যার অভিযোগে অভিযুক্ত কোল্ট গ্রে নামের ১৪ বছরের কিশোরকে। সন্দেহ করা হচ্ছে গুলি চালনার ঘটনার সঙ্গে তার বাবারও যোগ আছে। তাই তার বাবা কোলিন গ্রেকেও গ্রেপ্তার করে অভিযুক্ত করা হয়েছে।
বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় (৬ সেপ্টেম্বর) শুক্রবার তাদের যুক্তরাষ্ট্রের একটি আদালতে একইদিনে আলাদা শুনানিতে বাবা ও ছেলেকে হাজির করা হয়। অভিযুক্তের ৫৪ বছর বয়সী বাবার বিরুদ্ধে ইচ্ছাকৃত হত্যাকাণ্ডর চারটি অভিযোগ, সেকেন্ড-ডিগ্রি খুনের দুটি অভিযোগ এবং শিশুদের প্রতি নৃশংস আচরণের ৮টি অভিযোগ আনা হয়েছে।
কিশোর কোল্ট গ্রের বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগের বিচার হবে প্রাপ্তবয়স্কদের বিচারের মতোই। কারণ, জর্জিয়া রাজ্যের আইনে কিছু কিছু অপরাধের ক্ষেত্রে ১৩ বছরের অপ্রাপ্তবয়স্কের বিরুদ্ধে প্রাপ্তবয়স্কর মতো অভিযোগ করা যায়। সেক্ষেত্রে আদালতের রায়ে কিশোর দোষী সাব্যস্ত হলে তার প্রাপ্তবয়স্কদের মতো কঠোর সাজা হতে পারে।
জর্জিয়া ব্যুরো অফ ইনভেস্টিগেশন জানিয়েছে, বাবা জানতেন তার ছেলের কাছে অস্ত্র আছে। তার ছেলের কাজের সঙ্গে বাবাও যুক্ত, কারণ তিনিই ছেলেকে অস্ত্র রাখার অনুমতি দিয়েছিলেন। বাবা-ছেলেকে ২০২৩ সালেও স্কুলে গুলি চালানোর হুমকি দেওয়ার কারণে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু তখন তাদের গ্রেপ্তার করার কারণ পাওয়া যায়নি।
এর আগে ২০২১ সালে অক্সফোর্ড হাইস্কুলে একজন কিশোর গুলি করে তার চারজন সহপাঠীকে হত্যা করেছিল। সেই অভিযোগে তার বাবা-মার কারাদণ্ড হয়েছিল। জুরিদের বক্তব্য ছিল, বাবা-মা বাড়িতে বন্দুক সুরক্ষিত রাখতে পারেননি। তাদের ছেলে মানসিক দিক থেকে অস্থির জানার পরেও তারা সেই কাজ করেননি।
বিশেষজ্ঞ ও আগ্নেয়াস্ত্র সুরক্ষা নিয়ে প্রচারকারীদের বক্তব্য, ওই রায় খুবই গুরুত্বপূর্ণ। কারণ, এর ফলে স্কুলে সহিংসতার দায় বাবা-মার ওপরও যে থাকবে, সেটা আদালত স্পষ্ট করে দিয়েছে।









