দীর্ঘদিনের টানাপোড়েন কাটিয়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের বরফ গলছে যুক্তরাষ্ট্রের। তারই প্রমাণ মিলল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে নিয়ে উচ্ছ্বসিত প্রশংসায়।
আজ ২৬ সেপ্টেম্বর শুক্রবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালীন সময়েই হোয়াইট হাউসে রুদ্ধদ্বার বৈঠকে বসেন ট্রাম্প ও শেহবাজ শরিফ। ২০১৯ সালের পর এবারই প্রথম কোনো পাকিস্তানি রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন মার্কিন প্রেসিডেন্ট।
বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় ট্রাম্প বলেন, আমাদের একজন মহান নেতা আসছেন-পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং ফিল্ড মার্শাল। ফিল্ড মার্শাল একজন খুব ভালো মানুষ, এবং প্রধানমন্ত্রীও একজন অসাধারণ নেতা।
তার এই মন্তব্যকে পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন অধ্যায়ের ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এক্স পোস্টে জানান, ওই বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, সন্ত্রাসবিরোধী সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হয়।









