বিশ্ব রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লিউডব্লিউই) এর সাবেক সিইও লিন্ডা ম্যাকমোহনকে শিক্ষা বিভাগের প্রধান হিসেবে মনোনীত করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পদক্ষেপে তার পুনরায় প্রেসিডেন্ট হওয়ার প্রস্তুতির অংশ এবং শিক্ষা বিভাগের সংস্কারের প্রতিশ্রুতির প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় (১৯ নভেম্বর) মঙ্গলবার শিক্ষা বিভাগের প্রধান হিসেবে লিন্ডা ম্যাকমোহনের নাম ঘোষণা করে ট্রাম্প বলেছেন, তার লক্ষ্য শিক্ষা ব্যবস্থার নিয়ন্ত্রণ ফেডারেল স্তর থেকে রাজ্য পর্যায়ে ফিরিয়ে নেওয়া। লিন্ডা ম্যাকমোহন শিক্ষাকে রাজ্যে ফেরত পাঠানোর আমাদের প্রচেষ্টার নেতৃত্ব দেবেন। তার অভিজ্ঞতা ও প্রতিশ্রুতি এই লক্ষ্য অর্জনে সহায়ক হবে।
লিন্ডা ম্যাকমোহন বর্তমানে ট্রাম্প-ঘনিষ্ঠ আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের একজন শীর্ষ নির্বাহী। তিনি পিতামাতার অধিকার বিষয়ক আইনজীবী হিসেবে বেশ পরিচিত। ট্রাম্পের ট্রানজিশন টিমের সহ-সভাপতি হিসেবেও কাজ করেছেন তিনি। শিক্ষা খাতে পূর্ব অভিজ্ঞতা বেশ সীমিত হলেও ম্যাকমোহন কানেকটিকাট বোর্ড অফ এডুকেশনে দুই বছর কাজ করেছেন এবং স্যাক্রেড হার্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডে ১৬ বছর ছিলেন।
তিনি ২০০৯ সালে ডব্লিউডব্লিউই থেকে পদত্যাগ করে মার্কিন সেনেটের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং পরবর্তী সময়ে ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় বড় দাতা হিসেবে কাজ করেন। ২০১৭ সালে ট্রাম্প প্রশাসনের অধীনে, ম্যাকমোহন ক্ষুদ্র ব্যবসা প্রশাসনের প্রধান হিসেবে কাজ করেছিলেন, যেখানে তিনি দেশের লক্ষ লক্ষ ছোট ব্যবসার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এদিকে, ট্রাম্পের এই মনোনয়ন সমালোচনা ও বিতর্ক উভয়ই উস্কে দিয়েছে। সমালোচকরা বলছেন, শিক্ষা বিভাগের দায়িত্বে একজন রেসলিং ইন্ডাস্ট্রির শীর্ষ নির্বাহীকে বসানো ট্রাম্প প্রশাসনের নীতি সিদ্ধান্তের অপ্রচলিত দৃষ্টিভঙ্গির প্রতিফলন। তবে সমর্থকরা বিশ্বাস করেন, ম্যাকমোহনের ব্যবসায়িক দক্ষতা শিক্ষা খাতেও ইতিবাচক পরিবর্তন আনতে পারে।









