কানাডার ডেমোক্র্যাটিক পার্টির (এনডিপি) নতুন নেতা এবং দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত জাগমিত সিং কানাডাকে সংযুক্ত করার পরিকল্পনার বিষয়ে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কঠোরভাবে সতর্ক করেছেন। তিনি বলেছেন, ‘ডোনাল্ড ট্রাম্পের জন্য আমার একটি বার্তা আছে। আমাদের দেশ (কানাডা) বিক্রির জন্য নয়। এখন নয়, কখনও নয়।’
সোমবার (১৩ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পোস্ট করা একটি ভিডিওতে তিনি এসব কথা বলেন।
জাগমিত সিং বলেন, কানাডিয়ানরা গর্বিত মানুষ, তারা তাদের দেশকে নিয়ে গর্বিত। এই দেশকে রক্ষা করার জন্য, তারা নরকের মতো লড়াই করতেও প্রস্তুত।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের চলমান ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত কমপক্ষে ২৪ জন নিহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতিতে প্রতিবেশী দেশের সমর্থনে এগিয়ে যাওয়ায় একজন কানাডিয়ান হিসেবে তিনি গর্বিত বলেও জানান। তিনি বলেন, একজন ভালো প্রতিবেশী এবং যুক্তরাষ্ট্রকে সমর্থন দেওয়ার বিষয়ে আমি গর্বিত। এই মুহূর্তে বনের আগুনে ঘরবাড়ি পুড়ে যাওয়ার সাথে সাথে কানাডিয়ান অগ্নিনির্বাপকরাও উপস্থিত হয়েছেন। আমরা আমাদের প্রতিবেশীদের সমর্থন করি।
যদি কানাডার উপর শুল্ক আরোপ করে তবে প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প যদি মনে করেন যে আপনি আমাদের সাথে লড়াই করতে পারেন, তাহলে মূল্য দিতে হবে, আমরাও প্রতিশোধ নিব। আমি প্রতিশ্রুতি দিয়েছি যে ডোনাল্ড ট্রাম্প যদি আমাদের উপর শুল্ক আরোপ করেন, তাহলে আমাদেরও প্রতিশোধমূলক শুল্ক দিয়ে জবাব দেওয়া উচিত। আমি মনে করি প্রধানমন্ত্রী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী যে কেউই একই কাজ করবেন।









