দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
আজ (৭ এপ্রিল) মঙ্গলবার সংসদে সরকারি দলের এক সদস্যের ৭১ বিধিতে করা প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান মজুদ এবং আমদানির ধারাবাহিকতায় জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে।
মন্ত্রী জানান, দেশে বর্তমানে ১ লাখ ৬৫ হাজার ৬৪৪ মেট্রিক টন ডিজেল মজুদ রয়েছে। এছাড়া চলতি এপ্রিল মাসের মধ্যেই আরও ১ লাখ ৩৮ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছাবে।
মন্ত্রী আরও বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি। বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কোনো সিদ্ধান্তও নেয়নি সরকার।
তিনি আশ্বস্ত করে বলেন, দেশের জ্বালানি খাতে সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্থিতিশীল রাখতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।









