রাজধানীর ঢাকার গুলশান অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হলো ইন্দোনেশিয়া- মালয়েশিয়া-বাংলাদেশ ভিত্তিক এক আন্তর্জাতিক সামিট।
যেখানে কারিগরি আলোচনা ও সংযোগমূলক উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে কিছু বিশেষ ক্ষেত্রে প্রাইভেট পর্যায়ে বিনিয়োগের সম্ভাবনাগুলো তুলে ধরা হয়।
এই সামিটে বিভিন্ন প্রতিকূলতার মাঝেও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও এর প্রতিদ্বন্দ্বিতামূলক দিকটি তুলে ধরা হয়। এখানে বাংলাদেশের সরকারের পক্ষ হতে বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রযোজ্য প্রক্রিয়া এবং সুযোগ-সুবিধার বিষয়গুলোও উল্লেখ করা হয়৷
সামিটে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক স্থাপিত হয়েছে এবং এই স্বনামধন্য কোম্পানির নতুন প্রকল্প- সিটিস্কেপ লাইফস্টাইল প্রজেক্টে বিনিয়োগের জন্য সমঝোতা চুক্তি বা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত হয়েছে। সামিট চলাকালীন সময়ে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও বাংলাদেশের বিনিয়োগকারীদের মধ্যে এই তিনদেশের আন্তঃদেশীয় বাজারে বিভিন্ন খাতে বাণিজ্য এবং বিনিয়োগের সূচনা ঘটানোর বিষয়েও আলোচনা করা হয়।
সামিটে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত মি. হেরু হারতানতো সুবল, ইন্দোনেশিয়ার প্রাক্তন বাণিজ্য মন্ত্রী মি. গীতা ইরাওয়ান উইরজাওয়ান, ইন্দোনেশিয়ার লাবুয়ান আইবিএফসি- এর নির্বাহী চেয়ারম্যান ও সিইও ইস্কান্দার বিন মোহাম্মাদ নুলি, সিটিস্কেপ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাহিদ সারোয়ার এবং সিটিস্কেপ গ্রুপের পরিচালক পাভেল সারোয়ার ও মুস্তাফা মইন সারোয়ার বক্তব্য রাখেন ও তাদের মতামত তুলে ধরেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও বাংলাদেশের বিনিয়োগকারী ও নীতিনির্ধারকেরা আর বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা), বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি ( বেজা), ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ( এফবিসিসিআই), বিভিন্ন ব্যাংক, ও নন-ব্যাংকিং অর্থনৈতিক প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ।









