প্রকাশিত হলো শিশু-কিশোর সাময়িকী ‘শিশু বিচিত্রা’র সূচনা সংখ্যা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। তিনি আশা প্রকাশ করেন, শিশু-কিশোর সাময়িকী ‘শিশু বিচিত্রা’ শিশুদের পাঠাভ্যাস গড়ে তুলতে বিশেষ ভূমিকা রাখবে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলা একাডেমির আল মাহমুদ লেখক কর্নারে আয়োজিত এক অনুষ্ঠানে সাময়িকীটির মোড়ক উন্মোচন করা হয়। ‘শিশু বিচিত্রা’র প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। হাশেম খানের লেটারিংয়ে সাজানো হয়েছে প্রচ্ছদটি। সম্পূর্ণ রঙিন ও সাদাকালো ২০০ পৃষ্ঠার এই সাময়িকীতে দেশের বরেণ্য লেখক ও শিশুসাহিত্যিকদের লেখা স্থান পেয়েছে।
প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বলেন, সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধারে সরকার আন্তরিকভাবে কাজ করছে। দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিকে বাংলাদেশপন্থার কাছে ফিরিয়ে আনতে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। বিগত ফ্যাসিবাদী সময়ে দেশীয় সাংস্কৃতিক মূল্যবোধকে ধ্বংস করা হয়েছিল। তাই শিল্প, সাহিত্য ও সংস্কৃতিকে বাংলাদেশপন্থার কাছে ফিরিয়ে আনতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। এ জন্য সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশুসাহিত্যিক ও কবি জাকির আবু জাফর, লেখক ফারহানা মান্নান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হক এবং ‘শিশু বিচিত্রা’র উপদেষ্টা ও সাংবাদিক আবিদ আজম। আবৃত্তিশিল্পী ওয়ালিজা বিনতে শামসের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ‘শিশু বিচিত্রা’র সম্পাদক গাজী তানভীর আহমদ।
এছাড়া অনুষ্ঠানে বাংলা একাডেমির পরিচালক তপন বাগচী, কথাসাহিত্যিক মনি হায়দার, চলচ্চিত্র পরিচালক গাজী মাহবুব, চলচ্চিত্র পরিচালক ও লেখক গাজী জাহাঙ্গীর, শিশুসাহিত্যিক ইমরুল ইউসুফ, কবি আলম শামস এবং শিশুগ্রন্থ প্রকাশক দেওয়ান আজিজসহ সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের অনেকে উপস্থিত ছিলেন।









