দুবাইয়ের ক্রাউন প্লাজা হোটেলে অনুষ্ঠিত হয়ে গেলো উচ্চ শিক্ষা খাতে বাংলাদেশের সাফল্যের ওপর প্রথম আন্তর্জাতিক সেমিনার ‘বাংলাদেশ এডুকেশন ফোরাম-২০২২’।
এই সেমিনারের লক্ষ্য ছিলো উচ্চ শিক্ষার জন্য গন্তব্য হিসেবে বাংলাদেশকে উপস্থাপন করা। বিশ্বে বাংলাদেশকে মানসম্পন্ন এবং সাশ্রয়ী শিক্ষার সর্বত্তম স্থান বলে উপস্থাপন করা হয় সেখান থেকে।
সেমিনারের উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি বলেন: আমাদের শিক্ষা ব্যবস্থা কখনোই খারাপ ছিল না, তবে এটি সম্পর্কে ধারণা পরিবর্তন করা দরকার। বাংলাদেশ অর্থনৈতিক ফোরামের মতো এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন এ উপলব্ধি পরিবর্তনে দুর্দান্ত ভূমিকা পালন করতে পারে।
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, সাধারণ এবং বিশেষায়িত কলেজগুলোতে আন্তর্জাতিক ছাত্রদের আকৃষ্ট লক্ষ্যে এবারের আয়োজন। আয়োজকদের পক্ষ থেকে বলা হচ্ছে: বাংলাদেশের উচ্চ শিক্ষায় বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করা গেলে প্রতিবছর ৪.৬ বিলিয়ন ডলার পর্যন্ত বৈদেশিক মুদ্রা দেশে আনা সম্ভব হবে।









