গাজীপুরে পানিতে ভাসমান একটি সুটকেস থেকে এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার ভবানীপুর এলাকার একটি কালভার্টের নিচ থেকে মরদেহের খণ্ডিত অংশটি উদ্ধার করা হয়। পরে আশেপাশে তল্লাশি চালিয়ে সন্ধ্যার আগে বস্তাবন্দি অবস্থায় ওই নারীর শরীরের বাকি অংশও উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর এলাকার ফকিরা গার্মেন্টের পাশে একটি কালভার্টের পানিতে সুটকেস ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুটকেস খুলে নারীর অর্ধগলিত লাশের কোমরের নিচের অংশ উদ্ধার করে। এরপর আশপাশে অনুসন্ধান চালিয়ে বস্তাবন্দি অবস্থায় লাশের অপর অংশ উদ্ধার করা হয়।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, উদ্ধার হওয়া নারীর বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। লাশটি অর্ধগলিত হওয়ায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করছে। একই সঙ্গে নিহত নারীর পরিচয় শনাক্তের পাশাপাশি কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ওই নারীকে হত্যার পর লাশের অংশবিশেষ সুটকেস ও বস্তায় ভরে নির্জন ওই স্থানে ফেলে যেতে পারে। তবে তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার বিস্তারিত তথ্য নিশ্চিত হওয়া যাবে।









