বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের কো-অর্ডিনেটর সরফরাজ আহমেদ সরফু শ্রীমঙ্গলের নাগরিক জীবন ও পর্যটন শিল্পের উন্নয়ন নিয়ে তার ভাবনার কথা তুলে ধরে বলেন, স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে এলাকার সংসদ সদস্য, উপজেলা নির্বাহী অফিসার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরামর্শ নিয়ে আমার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করব, যা শ্রীমঙ্গল পৌরবাসীর দীর্ঘদিনের দাবি।
গতকাল শনিবার সন্ধ্যায় (৫ সেপ্টেম্বর) শ্রীমঙ্গল প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় তিনি তার বক্তব্যে জানান, কোনো পদ-পদবি ছাড়াও যেকোনো নাগরিক তার এলাকার জন্য বা দেশের জন্য অবদান রাখতে পারেন। এজন্য সদিচ্ছাটুকুই যথেষ্ট। এ ক্ষেত্রে ইতোমধ্যে মন্ত্রণালয়গুলোর সঙ্গেও ব্যক্তিগতভাবে তিনি যোগাযোগ রাখছেন।
শ্রীমঙ্গলকে আধুনিক, পরিচ্ছন্ন ও পর্যটনবান্ধব পৌরসভায় রূপান্তরের প্রত্যয় নিয়ে কাজ করতে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সব সাংবাদিকের সহযোগিতা কামনা করেন তিনি।
সরফরাজ আহমেদ সরফু সাবেক ছাত্রনেতা এবং দক্ষ ক্রীড়া সংগঠক। তিনি যুক্তরাজ্য বিএনপির সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রবাসে থাকলেও দেশের ক্রীড়াঙ্গন এবং সামাজিক উন্নয়নে তাঁর অবদান দীর্ঘদিনের।
শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন ও সদস্য সচিব রুবেল আহমেদসহ সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।









