ইউক্রেন যুদ্ধের পর প্রথমবারের মতো রাশিয়ার ওপর থাকা আন্তর্জাতিক ফুটবল নিষেধাজ্ঞায় শিথিলতা দেখা গেল। ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ড্রয়ে রাশিয়াকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মাধ্যমে আংশিকভাবে আন্তর্জাতিক ফুটবলে ফিরছে দেশটি।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর ফিফা ও উয়েফার নিষেধাজ্ঞায় আন্তর্জাতিক ফুটবল থেকে বিচ্ছিন্ন হয়ে আছে রাশিয়া। এবার প্রথমবারের মতো যুব পর্যায়ে সেই নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করা হলো।
ফিফার উদ্বোধনী অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ গড়াবে আগামী ২৪ থেকে ৩০ অক্টোবর আজারবাইজানে। ছয় দলের একটি গ্রুপে রাশিয়ার সঙ্গে রয়েছে তুরস্ক, আফগানিস্তান, জিবুতি, সিয়েরা লিওন ও সুদান। তুরস্কই এই গ্রুপের একমাত্র ইউরোপীয় দল।
টুর্নামেন্টে অংশ নিচ্ছে ১৯১টি দল। ম্যাচ হবে ছোট মাঠে ৮-এ-সাইড ফরম্যাটে, প্রতিটি অর্ধের দৈর্ঘ্য ২০ মিনিট।
তবে রাশিয়ার এই প্রত্যাবর্তন শুধু যুব ফুটবলের মধ্যেই সীমাবদ্ধ। দেশটির সিনিয়র জাতীয় দল ও ক্লাবগুলোর ওপর ফিফা-উয়েফার নিষেধাজ্ঞা বহাল রয়েছে। ফলে ইউরো, চ্যাম্পিয়নস লিগসহ বড় আন্তর্জাতিক প্রতিযোগিতায় এখনো অংশ নিতে পারবে না তারা।
রাশিয়াকে ড্রয়ে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রভাব পড়েছে অংশগ্রহণকারী দলের তালিকাতেও। উয়েফার ৫৫ সদস্য দেশের মধ্যে মাত্র ৩৭টি দল ড্রয়ে অংশ নিয়েছে। ইউক্রেনের পাশাপাশি জার্মানি ও নেদারল্যান্ডসের মতো ইউরোপের কয়েকটি দেশও টুর্নামেন্টে নেই। অংশ নিচ্ছে না যুক্তরাষ্ট্রও।









