বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন ক্রিস্টিয়ানো রোনালদো-এমন আলোচনা চলছিল বেশ কিছুদিন ধরে। গত মাসে এক সাক্ষাৎকারে রোনালদো বলেছিলেন, ‘সম্ভবত এটাই আমার ফুটবলের শেষ বছর।’ তার এমন মন্তব্যের পর অবসরের আলোচনা আরও জোরালো হয়। আপাতত সেই জল্পনায় ছেদ পড়ল। পর্তুগালের নেশনস লিগের দলে জায়গা পেয়েছেন ৪১ বর্ষী মহাতারকা।
নতুন কোচ হোর্হে জেসুস রোনালদোকে দলে রেখেই নেশনস লিগের জন্য স্কোয়াড ঘোষণা করেছেন। বিশ্বকাপের স্কোয়াড থেকে চারটি পরিবর্তন এনেছেন। হোসে সা, নেলসন সেমেডো, স্যামুয়েল কস্তা ও গনসালো গুয়েদেসের জায়গায় দলে ঢুকেছেন স্যামুয়েল সোয়ারেস, নুনো তাভারেস, জোয়াও পলিনহা ও ফ্যাবিও সিলভা।
রোনালদোর সঙ্গে দলে আছেন ব্রুনো ফের্নান্দেজ, বের্নার্দো সিলভা ও জোয়াও নেভেসদের মতো পরিচিত মুখ। আছেন রাফায়েল লিও ও গনসালো রামোসও।
আল নাসরে রোনালদোকে কোচিং করিয়েছেন জেসুস। তার অধীনেই এবার নেশনস লিগের শিরোপা ধরে রাখার মিশনে নামবে পর্তুগাল। আগামী ২৪ সেপ্টেম্বর ঘরের মাঠে ওয়েলসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের অভিযান। এরপর ডেনমার্ক ও নরওয়ের বিপক্ষে খেলবে পর্তুগিজরা।









