আল ফেইহার সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর মেজাজ হারালেন ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যাচের শেষদিকে সময় নষ্ট করছে এমন ইঙ্গিত করে প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে বিবাদে জড়ান পর্তুগিজ মহাতারকা। এমনকি প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য করমর্দন না করেই মাঠ ছাড়েন আল নাসেরের ৩৮ বর্ষী ফুটবলার।
সৌদি প্রো লিগে প্রতিপক্ষের মাঠে রোববার রাতে ম্যাচের প্রথমার্ধে দলকে এগিয়ে নেয়ার সুযোগ ছিল রোনালদোর। সহজ সুযোগ কাজে লাগাতে পারেননি পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। শেষ পর্যন্ত পয়েন্ট হারিয়ে শিরোপার দৌড়েও পিছিয়ে পড়েছে আল নাসের।
ম্যাচের শেষদিকে রোনালদো প্রতিপক্ষের একজনের সঙ্গে তর্কে জড়ান। টিভি সম্প্রচারে দেখা যায় মুখে বিরক্তির ছাপ নিয়ে আল ফেইহার খেলোয়াড় আল জাকানকে বলছেন, ‘তুমি খেলতে চাও না?’
ঘটনাটি মূলত খেলার অন্তিম মুহূর্তে ঘটে। আল ফেইহার খেলোয়াড়রা সময় নষ্ট করছেন এমনটা ইঙ্গিত করেন রোনালদো। সেসময় প্রতিপক্ষের আল জাকানও রোনালদোর কথার জবাবে কিছু একটা বলেছিলেন। এ সময় দেখা যায় বেশ বিরক্তি নিয়ে আরেক খেলোয়াড়কে উদ্দেশ্য করে আরও কিছু বলছেন তিনি।
টানা তিন ম্যাচে জোড়া গোল করে দারুণ ছন্দে ছিলেন সিআর সেভেন। জাতীয় দল জার্সিতে দুই ম্যাচে এই কৃতিত্ব অর্জনের পর আল নাসেরের হয়েও দুই গোল করেছিলেন মহাতারকা। আল ফেইহার বিপক্ষে জালের দেখা পাননি। সৌদি প্রো লিগে ১২ ম্যাচে ১১ গোল করেছেন রোনালদো।
ড্রয়ে ২৩ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে আল নাসের। সমান ম্যাচ খেলে তিন পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আল ইত্তিহাদ।









