জয়ের লক্ষ্য নিয়ে লেবাননের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। ঘরের মাঠে দারুণ লড়ে ড্রয়ে সেই আশার পালে জোরাল হাওয়া লেগেছিল। অ্যাওয়ে ম্যাচে এসে ছন্দপতন। ৪-০ গোলের বড় পরাজয় নিয়ে দেশে ফিরছে জামাল ভূঁইয়ার দল। খেলার শুরুতেই পেনাল্টি থেকে গোল হজমে পরিস্থিতি জটিল হয়ে যায়, জানিয়েছেন কোচ হাভিয়ের ক্যাবরেরা।
দোহায় মঙ্গলবার রাতে বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ে দ্বিতীয় রাউন্ডের ম্যাচের ৫ মিনিটেই গোল হজম করে বসে লাল-সবুজের দল। প্রতিপক্ষের খেলোয়াড় জিহাদ আইয়ুব ডিফেন্ডার শাকিল হোসেনের জার্সি টেনে ধরেছিলেন। এরপর হাত দিয়ে ধাক্কা দিয়ে তিনি আরেক খেলোয়াড়ের চোখে আঘাত করেন। ডি বক্সের ভেতর এ কাণ্ড ঘটায় পেনাল্টির বাঁশি বাজে। রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে শাকিল দেখেন হলুদ কার্ড। লেবাননের অধিনায়ক হাসান মাতুক স্পট কিকে লক্ষ্যভেদে দলকে এগিয়ে দেন।
এ প্রসঙ্গে ক্যাবরেরার ভাষ্য, ‘অনেক প্রত্যাশা নিয়ে আমরা এই ম্যাচ খেলতে এসেছিলাম। এটিই ম্যাচটাকে আমাদের জন্য আরও কঠিন করে তুলেছিল। বিশেষ করে এই হার আমাদের জন্য কঠিন ফল, হতাশাজনক। আজকে আমরা অনেক বাংলাদেশি সমর্থকের সামনে গুরুত্বপূর্ণ কিছু অর্জন করতে পারতাম। কিন্তু পেনাল্টির কারণে শুরুতেই পরিস্থিতি জটিল হয়ে যায়।’
‘তারপরও আমি মনে করি, প্রথমার্ধে আমরা কিছুটা ধাতস্থ হয়ে উঠেছিলাম। কিন্তু বিরতির আগে আবার তাল কেটে যায়। দ্বিতীয়ার্ধে আমরা আরও বেশি মানিয়ে নেয়ার ও চাপ প্রয়োগের চেষ্টা করেছি। প্রতিপক্ষকে এটা পাল্টা আক্রমণের সুযোগ করে দিয়েছিল।’
আক্রমণ ও বলের নিয়ন্ত্রণের লড়াইয়ে লেবাননের সঙ্গে সমানতালেই লড়ছিল বাংলাদেশ। তবে দুর্বল রক্ষণ, একের পর এক বাজে ভুল ও সমন্বয়হীনতা দলের বড় পরাজয়ের কারণ। ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে তাকানোর বার্তা দিলেন ক্যাবরেরা।
‘আমরা বল পজিশন যেভাবে রেখেছি, তাতে আমি সন্তুষ্ট। সুযোগগুলো যদি কাজে লাগাতে পারতাম, ভালো হতো। দিন শেষে বলতে হবে, এই দলগুলোর বিপক্ষে লড়াই করা কঠিন। এখন আমাদের এশিয়ান কাপের জন্য প্রস্তুত হতে উজ্জীবিত ও সবাইকে অনুপ্রাণিত করার চেষ্টা করতে হবে।’
বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ে দ্বিতীয় রাউন্ডে ডি-গ্রুপে থাকা বাংলাদেশ ছয় ম্যাচের পাঁচটিতে হারের মুখ দেখেছে। হোম ম্যাচে লেবাননের সঙ্গে ১-১ গোলে করেছিল ড্র। সুবাদে এক পয়েন্ট ঝুলিতে ভরে টেবিলের তলানিতে। টেবিলের তিনে থেকে বাছাইপর্ব শেষ করা লেবানন ৫ পয়েন্ট তুলেছে। বাংলাদেশ ও লেবাননকে এশিয়ান কাপের টিকিট পেতে বাছাইয়ের তৃতীয় রাউন্ডে খেলতে হবে।
আরেক খেলায় ফিলিস্তিনকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ছয় ম্যাচের সবকটিতে জেতা অস্ট্রেলিয়া। ১৮ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া ক্যাঙ্গারুরা এশিয়ান কাপে খেলার যোগ্যতার পাশাপাশি বিশ্বকাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে খেলবে। গ্রুপ রানার্সআপ ফিলিস্তিন ৮ পয়েন্ট নিয়ে কেটেছে এশিয়ান কাপের টিকিট। একইসঙ্গে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশটি প্রথমবারের মতো খেলবে বিশ্বকাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে।









