বয়স যে কেবলই একটা সংখ্যা, সেটি আবারও প্রমাণ করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৩৯ বছর বয়সেও প্রতিপক্ষ রক্ষণে ভয়ঙ্কর রূপ দেখিয়ে চলেছেন সিআর সেভেন। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে জোড়া গোল করে রেকর্ডবুকে নাম লিখিয়েছেন মহাতারকা। দলকে এনে দিয়েছেন দুর্দান্ত জয়। এ যেন ইউরো জয়ের বার্তা দিয়ে রাখলেন রোনালদো।
ম্যাচের শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদো লিখেছেন, ‘দারুণ, বড় জয় নিয়েই দল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে যাচ্ছে।’
ইউরোর প্রস্তুতিপর্বে মঙ্গলবার রাতে ঘরের মাঠে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে রিপাবলিক অব আয়ারল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়ন দলটি। জোয়াও ফেলিক্স দলকে এগিয়ে নেয়ার পর জোড়া গোল করেন রোনালদো।
এই দুই গোলে আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে জাতীয় দলের হয়ে টানা ২১ পঞ্জিকাবর্ষে গোলের কীর্তি গড়েছেন পর্তুগিজ মহাতারকা। পর্তুগাল মূল দলের হয়ে তার অভিষেক ২০০৩ সালে, পরের বছর পান প্রথম গোলের দেখা, সেই থেকে গোল করে চলেছেন প্রতি বছর।
ফিনল্যান্ডের বিপক্ষে ৪-২ গোলে জয়ের ম্যাচে স্কোয়াডে ছিলেন না রোনালদো, পরে ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে হারের ম্যাচে দলে থাকলেও পুরোটা সময় কাটান বেঞ্চে। শেষ প্রস্তুতি ম্যাচে অবশ্য শুরুর একাদশে থেকেই মাঠে ছিলেন রোনালদো।









