ঢাকা ও আশপাশের এলাকায় আজ রোববার আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এ সময়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াস। আর শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস।
গত ২৪ ঘণ্টায় রাজধানীতে সামান্য পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে আজ সন্ধ্যা ৬টা ১২ মিনিটে ঢাকায় সূর্যাস্ত হবে। আগামীকাল সোমবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪২ মিনিটে।









