২০২৩ সালে ৯৫ তম অস্কারের মঞ্চে পূর্ণদৈর্ঘ্য তথ্যচিত্র বিভাগে মনোনয়ন পেয়েছিলেন বাঙালি পরিচালক শৌনক সেনের ছবি ‘অল দ্যাট ব্রিদস’। চূড়ান্ত মনোনয়নের তালিকায় জায়গা পেয়েও শেষ দৌড়ে সেরার শিরোপা হাতছাড়া হয় তার। তবে শৌনকের ছবির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন অস্কারজয়ী প্রযোজক গুনীত মোঙ্গা।
এর মাঝেই গত কয়েক মাসে গুরুতর অসুস্থ শৌনক। হঠাৎই তার কিডনিতে ধরা পড়ে ক্যানসার। সম্পন্ন হয়েছে অস্ত্রোপচারও। বাদ পড়েছে কিডনির একাংশ। এখন কেমন আছেন, নিজের শারীরিক অবস্থা জানালেন পরিচালক।
গেল বছরের অক্টোবরে সাধারণ কিছু শারীরিক পরীক্ষা করাতে গিয়ে শৌনক সেন জানতে পারেন তার কিডনিতে একটি টিউমার রয়েছে। পরে জানা যায় তা ‘ম্যালিগন্যান্ট’। সেই সময় থেকেই শুরু হয় চিকিৎসা। যদিও রোগ ধরার আগ পর্যন্ত কিডনি সংক্রান্ত কোন সমস্যা কিংবা উপসর্গ ছিল না পরিচালকের শরীরে, যা নিজেই জানিয়েছেন তিনি।
শৌনকের কথায়, ‘‘রোগটা ধরা পড়ার আগ পর্যন্ত শরীরে কোন ধরেনর অসুস্থতা ছিল না। এমনকি আমার বংশানুক্রমেও ক্যানসারের কোন ইতিহাস নেই। সেভাবে ধূমপান বা মদ্যপানও করি না। ধরা পড়ার পরই অস্ত্রোপচারের কথা বলা হয় আমাকে। গেল ২৬ ডিসেম্বর নেফ্রোটমি করে আমার কিডনির একাংশ বাদ দেওয়া হয়।’’
অস্ত্রোপচার সফল হয়েছে, ক্যানসার অংশ বাদ দেওয়া হয়েছে। তবে একেবারে প্রাথমিক পর্যায়ে ধরা পড়ায় খুব তাড়াতাড়ি পদক্ষেপ নেওয়া গেছে বলে জানান শৌনক। খানিক রসিকতা করেই তিনি বলেন, ‘‘এই সুযোগে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে থাকার একটা ছুতো পেয়ে গিয়েছি।’’
যদিও গত বছর দুর্গাপুজো থেকে দীপাবলি, বড়দিন থেকে নববর্ষ সবটাই কেটেছে হাসপাতালের বিছানায়। জীবনের কঠিন সময়ে যারা পাশে থেকেছেন, যে বন্ধুরা তাকে সাহস জুগিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি।









