এশিয়ান গেমসে প্রথম ম্যাচের বড় হার দেখেছে বাংলাদেশ জাতীয় নারী দল। জাপানের আইচি-নাগোয়াতে নর্থ কোরিয়ার বিপক্ষে ১০-০ গোলের বড় ব্যবধানে হেরেছে আফঈদা-মারিয়ারা। প্রথম ম্যাচে এমন বড় হারের পর সংবাদ সম্মেলনে সার্বিক বিষয় নিয়ে কথা বলেছেন কোচ পিটার জেমস বাটলার। জানিয়েছেন, হারের সকল দায় দায়িত্ব নিচ্ছেন তিনি।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে বাটলার বলেন, ‘নর্থ কোরিয়া এমন এক ধরণের ছন্দে খেলে যা আমাদের মেয়েরা অভ্যস্ত নয়। সত্যি বলতে, এই মানের দলের বিরুদ্ধে খেলার মতো যথেষ্ট ভালো আমরা এই পর্যায়ে নই। তারা অসাধারণ ছিল, তাদের খেলা দেখাটা একটা আনন্দের বিষয় ছিল।’
‘দুঃখজনকভাবে, আমরা অনেক গোল হজম করেছি এবং আমরা এর যোগ্যও ছিলাম। মাঠের ভেতরে ও বাইরের সম্পূর্ণ দায়িত্ব আমি নিচ্ছি। সাউথ কোরিয়ার ম্যাচটি হয়তো আজকের মতোই হবে। তবে আমাদের ফিরে যেতে হবে, কিছুটা পুর্নবিন্যাস করতে হবে এবং দেখতে হবে এখান থেকে আমরা কীভাবে সামনে এগোতে পারি।’
দল গঠনের চ্যালেঞ্জ নিয়েও কথা বলেছেন বাটলার। তার মতে, ‘মাঠের বাইরের অনেক বিষয় আমার নিয়ন্ত্রণে থাকে না। তবে সভাপতি সবসময় দারুণ সহযোগী ছিলেন। তবে অন্য অনেকে খেলোয়াড়দের গভীর রাতে ফোন বা কনফারেন্স কল করে, আর এভাবে তো দল গঠন করা যায় না।’
তরুণ খেলোয়াড়দের নিয়ে দল গঠনে প্রশ্ন তোলায় বাটলার বলেন, ‘অনেকে প্রশ্ন তোলেন যখন তরুণ খেলোয়াড়দের সুযোগ দেয়া হয়। তবে আমাদের বুঝতে হবে আমাদের কোনো পোক্ত বা দীর্ঘস্থায়ী লিগ নেই। আমি কোনো অজুহাত দিচ্ছি না, কারণ এই ফলাফলের সম্পূর্ণ দায়িত্ব আমার, এটাই আমার খেলোয়াড়। আমাদের একটি নতুন কোর গ্রুপ আছে, যেখানে পুরোনো ও তরুণ উভয় ধরনের খেলোয়াড়ই রয়েছে।’









