সারাদেশে হাসপাতালের আশপাশে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, যেসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পর্যাপ্ত চিকিৎসক ও টেকনিশিয়ান নেই কিংবা লাইসেন্স নবায়ন করা হয়নি, সেগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি হাসপাতালের আশপাশে নতুন করে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হবে না।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সংসদ সদস্য ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, অননুমোদিত ও প্রয়োজনীয় জনবলবিহীন ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে। রোগীদের চিকিৎসাসেবা ও পরীক্ষার মান নিশ্চিত করতে নিয়ম না মানা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতবিনিময় সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মাদক চোরাচালান, ডাকাতি, লুটপাট ও ধর্ষণসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা জানান তিনি। এসব অপরাধের কোনো স্থান নেই উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।









