বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতেও শোকের আবহ বিরাজ করছে। দেশভাগের আগে জলপাইগুড়িতে খালেদা জিয়ার বসবাস ছিল বলে স্থানীয়রা জানান। সে সময়ের তাঁর প্রতিবেশী ভোলা মণ্ডল স্মৃতিচারণ করে গভীর দুঃখ প্রকাশ করেছেন।
ভারতীয় গণমাধ্যম এএনআই এ তথ্য জানিয়েছে।
ভোলা মণ্ডল বলেন, সবাই শুনেছেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গেছেন। তিনি এখানে জন্মগ্রহণ করেছিলেন এবং এখানেই পড়াশোনা করেছিলেন। পরবর্তীতে খালেদা জিয়ার পরিবার বাংলাদেশে চলে গেলে এই বাড়িটি পরিত্যক্ত হয়ে যায়। পরে বাংলাদেশ থেকে আসা অন্য একজন ব্যক্তি বাড়িটি কিনে নেন।
তিনি আরও জানান, এখনও বাংলাদেশ থেকে বহু মানুষ জলপাইগুড়িতে এসে তাঁদের জন্মভূমি ও স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শন করেন। ভোলা মণ্ডল বলেন, একজন মানুষের মৃত্যুতে সবারই দুঃখ হওয়া স্বাভাবিক।
স্থানীয়দের দাবি, খালেদা জিয়ার শৈশব ও শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ জলপাইগুড়িতে কেটেছে। তাঁর মৃত্যুতে শুধু বাংলাদেশেই নয়, সীমান্তের ওপারেও স্মৃতির টানে মানুষ শোক প্রকাশ করছেন।









