প্রসব বেদনা উঠায় গর্ভবতী মেয়েকে নিয়ে চিরিংগা পৌর শহরের হাসপাতালে যাচ্ছিলেন মা, শ্বশুর-শাশুড়িসহ আত্মীয়রা। সেজন্য তারা একটি সিএনজিচালিত অটোরিক্সা ভাড়া করেন। তাদের বহনকারী অটোরিক্সাটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার আমতলী এলাকায় পৌঁছলে বিপরিত দিক থেকে আসা একটি লরি ট্রাক (চট্টমেট্টো চ-৬১-০৩৭১) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যায় গর্ভবতী নারী ও তার মা। আহত হন শ্বশুর-শাশুড়িসহ চারজন।
বৃহস্পতিবার (২৪ আগষ্ট) বিকাল ৩টার দিকের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের আমতলী এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— পাবর্ত্য জেলা বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের বুড়িচিকং এলাকার আবদুস সালামের স্ত্রী রোকেয়া বেগম (৫৫) ও হারবাং ইউনিয়নের ভান্ডারির ডেপা এলাকার মামুনুর রশিদের স্ত্রী গর্ভবতী জেসিমন আক্তার (২০) ও তার পেটে থাকা সন্তান।
আহতরা হলেন—শ্বশুর দুদু মিয়া (৬০), শ্বাশুড়ি রাবেয়া বেগম (৫৫), আত্মীয় শাহিনা আক্তার (৪৫), মো. আরিফ (২৪)। আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়রা জানান, জেসমিন আক্তার গর্ভবতী নারী। আজ-কালকের মধ্যে তার সন্তান প্রসবের তারিখ ছিল। সেজন্য কয়েকদিন আগে মা রোকেয়া বেগম লামা থেকে মেয়ের শ্বশুড়বাড়ি হারবাং আসেন। বৃহস্পতিবার দুপুরের দিকে মেয়ে জেসমিন আক্তারের প্রসব বেদনা শুরু হলে মা রোকেয়া বেগমসহ শ্বশুর-শাশুড়িসহ কয়েকজন মিলে চিরিংগা পৌর শহরে হাসপাতালে আসার জন্য একটি সিএনজি চালিত অটোরিক্সা ভাড়া করেন। তাদের বহনকারী অটোরিক্সাটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের আমতলী এলাকায় পৌঁছলে বিপরিত দিক থেকে আসা দ্রুতগতির লরি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান গর্ভবতী জেসমিন আক্তার ও তার মা রোকেয়া বেগম। এসময় আহত হন অপরাপর আত্মীয়রা। পরে স্থানীয় লোকজন ও চিরিংগা হাইওয়ে থানার পুলিশ তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসকরা জানান, দূর্ঘটনায় আহতদের মধ্যে দু’জন নারী ঘটনাস্থলে মারা গেছে। তার মধ্যে একজন গর্ভবতী নারীও ছিল। ওই গর্ভবতী নারীর পেটে থাকা সন্তানও মারা গেছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ (এসআই) খোকন কান্তি রুদ্র বলেন, দূর্ঘটনা কবলিত গাড়ি দু’টি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্ততি চলছে।









