প্রতীক্ষার অবসান ঘটিয়ে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেয়েছে ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টায় সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় আসিফ জাহাঙ্গীর অর্ক পরিচালিত রোম্যান্টিক কমেডি ঘরানার এই ওয়েব ফিল্মটি।
মুক্তির আগে থেকেই ‘মিশন ডিডিএলজে’ নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছিল। বিশেষ করে নব্বই দশকের বলিউডের জনপ্রিয় সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ (ডিডিএলজে)-এর নস্টালজিক আবহের ইঙ্গিত পাওয়া ট্রেলারটি আলোচনায় আসে। নতুন জুটি সাদ নাওভী ও লাবণ্যের রসায়ন, গল্পের প্রেমের আবহ এবং ডিডিএলজে-কে ঘিরে নানা প্রসঙ্গ দর্শকদের কৌতূহল বাড়ায়।
এর আগে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয় ‘মিশন ডিডিএলজে’র প্রিমিয়ার শো। সেখানে আমন্ত্রিত দর্শকরা ওয়েব ফিল্মটি উপভোগ করেন এবং প্রদর্শনী শেষে এর গল্প, নির্মাণশৈলী ও অভিনয়ের প্রশংসা করেন।
বিশেষ করে নাওভী-লাবণ্যের রসায়ন এবং নস্টালজিক প্রেমের আবহ দর্শকদের নজর কেড়েছে বলে জানা গেছে।
প্রায় ৮০ মিনিটের এই ওয়েব ফিল্মে নব্বই দশকের প্রেমের সরলতা ও আবেগকে বর্তমান সময়ের গল্পের সঙ্গে মিলিয়ে উপস্থাপনের চেষ্টা করেছেন নির্মাতা। গ্রামীণ আউটডোর লোকেশন, রোম্যান্টিক দৃশ্যায়ন এবং পরিচিত প্রেমের অনুভূতিকে নতুন প্রেক্ষাপটে তুলে ধরা হয়েছে।
‘মিশন ডিডিএলজে’ নামটির মধ্যেও একটি ‘হিডেন স্টোরি’ রয়েছে বলে আগেই জানিয়েছিলেন নির্মাতা আসিফ জাহাঙ্গীর অর্ক। তবে সেই রহস্য কী, তা প্রকাশ করেননি তিনি। ফলে গল্পের সঙ্গে নামটির সম্পর্ক জানতে ওয়েব ফিল্মটি দেখতে হবে দর্শকদের।
নির্মাতা এর আগে জানিয়েছিলেন, ‘মিশন ডিডিএলজে’ মূলত একটি রোম্যান্টিক কমেডি। নতুন জুটি সাদ নাওভী ও লাবণ্যকে ঘিরেই এগিয়েছে গল্প। নির্মাতার প্রত্যাশা, তাদের রসায়ন এবং গল্পের ভিন্নধর্মী উপস্থাপন দর্শকদের আনন্দ দেবে।
অবশেষে প্রেক্ষাগৃহের প্রিমিয়ার শেষে এবার ঘরে বসেই দর্শকদের জন্য উন্মুক্ত হলো ‘মিশন ডিডিএলজে’। বৃহস্পতিবার দিবাগত রাত থেকেই আইস্ক্রিনে দেখা যাচ্ছে ওয়েব ফিল্মটি।









