মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) টাঙ্গানিকা হ্রদে প্রায় ১০০ যাত্রী ও পণ্যবোঝাই একটি নৌকা ডুবে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ৪৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে আরও বলে, তানজানিয়ার কিগোমা বন্দর থেকে ডিআর কঙ্গোর কালেমি শহরের উদ্দেশে যাত্রা করা নৌকাটি মাপেরা গ্রামের কাছে ডুবে যায়। ডিআর কঙ্গোর টাঙ্গানিকা প্রদেশের পরিবহনমন্ত্রী নরিস মুলঙ্গোয়ি দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া যাত্রী অ্যানি মোয়োনি জাতিসংঘ-সমর্থিত রেডিও ওকাপিকে জানান, স্থানীয় সময় রাত প্রায় ১টার দিকে ঘুমন্ত যাত্রীরা হঠাৎ জেগে ওঠেন। তখন তারা দেখতে পান, নৌকাটি একদিকে কাত হয়ে গেছে।
এর কিছুক্ষণের মধ্যেই নৌকাটি পানিতে ডুবে যায় বলে জানান তিনি।
দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিখোঁজ যাত্রীদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়েছে, ডিআর কঙ্গোতে নৌযানে অতিরিক্ত যাত্রী ও পণ্য পরিবহন এবং পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জামের অভাব প্রায়ই নৌদুর্ঘটনার ঝুঁকি বাড়ায়।
দেশটিতে সাম্প্রতিক বছরগুলোতে একাধিক নৌদুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় শত শত মানুষের প্রাণহানির ঘটনাও ঘটেছে।









