আরও একটা বছর বেড়ে গেল লিওনেল মেসির বয়স। এই খবরে আনন্দ ও হতাশা দুটোই আছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ফুটবল ক্যারিয়ারের শেষের দিকে যে আরও খানিকটা পথ এগিয়ে গেলেন কিংবদন্তি। আনন্দের যে, এই দিনে ধরণী পেয়েছিল জাদুকরকে। দিনটি লিওনেল আন্দ্রেস মেসি কুচিত্তিনির জন্মদিন, ৩৭তম জন্মদিন। ১৯৮৭ সালের এইদিনে আর্জেন্টিনার রোজারিওতে ধরণীতে এসেছিলেন সর্বকালের অন্যতম সেরাদের একজন লিও।
কোপা আমেরিকা খেলতে আকাশী-নীল জার্সিধারীদের ডেরায় আছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসি। প্রথমবারের মতো জাতীয় দল জার্সিতে শিরোপা ধরে রাখার কোনো অভিযানে নেমেছেন তিনি। প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে মেসিবাহিনী।
ক্যারিয়ারে সম্ভাব্য সব শিরোপা অর্জন হয়ে গেছে অনেক আগেই। বাকি ছিল বিশ্বকাপ। মরুর বুকে বিশ্বকাপের সোনালি ট্রফি উঁচিয়ে ধরে সেই স্বপ্নটা পূরণ করেছেন ২০২২ সালের কাতার বিশ্বকাপে।
৪ বছর বয়সে ফুটবলে হাতেখড়ি। ১০ বছর বয়সে শুরু করেন নিউওয়েলস ওল্ড বয়েজের জুনিয়র দলের হয়ে খেলা। ১৩ বছর বয়সে আর্জেন্টিনা ছেড়ে পাড়ি দিয়েছিলেন স্পেনের বার্সেলোনায়।
গ্রোথ হরমোনের সমস্যা নিয়ে আর্জেন্টিনা ছেড়ে বার্সেলোনায় যান মেসি। কাতালানদের বিখ্যাত লা মাসিয়া একাডেমিতে ফুটবল শিক্ষার পাশাপাশি চলে উচ্চমূল্যের চিকিৎসা। ২০০৪ সালে ১৭ বছর বয়সে বার্সেলোনার সিনিয়র দলে অভিষেক হয় মহাতারকার। এরপরের গল্পটা সবার জানা।
২৩ বছর বয়স পূর্ণ হওয়ার আগেই মেসি জেতেন ৩টি ব্যালন ডি’অর। পরের ১৩ বছরে নিজের ঝুলিতে পুরেছেন আরও ৫টি। সবমিলিয়ে ৮টি ব্যালন ডি’অর জিতেছেন মহাতারকা।
২০০৫ সালে বার্সার হয়ে প্রথম লা লিগা জয়ের পরের বছর জেতেন চ্যাম্পিয়ন্স লিগ। তখন মেসির বয়স ১৯। এরপর দেড়দশকে ফুটবলকে দুহাত উজাড় করে দিয়েছেন। বার্সেলোনার হয়ে জিতেছেন ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, ১০টি লিগ শিরোপাসহ অসংখ্য ট্রফি।
টানা ১৭ বছর কাতালান ক্লাবটিতে খেলার পর ২০২১ সালে যোগ দিয়েছিলেন লিগ ওয়ানের প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি)। গতবছর জুলাইয়ে ফরাসি ক্লাবটি ছেড়ে মেসি যোগ দেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে।
সমালোচকদের মুখে ছাই দিয়ে ২০২১ সালে প্রথমবার দেশের হয়ে জেতেন কোপা আমেরিকা ট্রফি। ২০২২ সালে ইতালিকে হারিয়ে যখন ফিনালিস্সিমা জেতেন, তখন বয়স ৩৫। একই বছর রূপকথার জন্ম দেন কাতার বিশ্বকাপে। অধরা ট্রফিটিতে এঁকেছেন চুমু, নিজের নামের পাশে যোগ করেছেন বিশ্বজয়ী তকমা! আর আর্জেন্টিনাকে জিতিয়েছেন তৃতীয় বিশ্বকাপ।
১২টি লিগ আর ৪টি চ্যাম্পিয়ন্স লিগ জিতে ক্লাব ফুটবলে ইতিহাস গড়েছেন মেসি। বার্সেলোনা ও আর্জেন্টিনার হয়ে গোল স্কোরিংয়ের সবগুলো রেকর্ডও তার। এত অর্জন! ৩৭তম জন্মদিনে টুইটার, ফেসবুকসহ সব মাধ্যমে ট্রেন্ডিং এখন মহাতারকা লিওনেল মেসির জন্মদিন।









