বাংলাদেশসহ ৩১টি দেশের নাগরিকদের ভিজিট ভিসায় মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। নতুন নীতির কারণে বাংলাদেশি পর্যটকদের সাধারণ ভ্রমণের ক্ষেত্রে এক বছরের মাল্টিপল এন্ট্রি ভিসার পরিবর্তে সিঙ্গেল এন্ট্রি ভিসা নিতে হবে।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ১ সেপ্টেম্বর থেকে সব দেশের নাগরিকদের জন্য আগের মতো সাধারণভাবে মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া হচ্ছে না।
নতুন নিয়মে নির্দিষ্ট কয়েকটি ভ্রমণ উদ্দেশ্যে এমইভি পাওয়ার সুযোগ রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে ব্যবসায়িক সফর, চিকিৎসা, ‘ফ্লাই অ্যান্ড ক্রুজ’ এবং ওয়েডিং ট্যুরিজম।
তবে বাংলাদেশসহ যেসব দেশের নাগরিকদের সাধারণ ভিজিট বা সামাজিক ভ্রমণের ক্ষেত্রে এমইভি সুবিধা প্রত্যাহার করা হয়েছে, তাদের সিঙ্গেল এন্ট্রি ভিসা নিতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর তালিকাও প্রকাশ করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি ও অন্যান্য বিদেশি কর্মীদের ওপর নতুন এই নীতির প্রভাব পড়বে না। কারণ, বিজ্ঞপ্তিতে পরিবর্তনটি শুধু ভিজিট ভিসা বা সামাজিক ভ্রমণের ক্ষেত্রে প্রযোজ্য বলে উল্লেখ করা হয়েছে।
কর্মীদের ওয়ার্ক পারমিট ও কর্মসংস্থানসংক্রান্ত ভিসা এই পরিবর্তনের আওতাভুক্ত নয়।
ফলে মালয়েশিয়া ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের ভিসা ব্যবস্থাপনায় নতুন নিয়ম অনুসরণ করতে হবে। বিশেষ করে সাধারণ পর্যটন বা সামাজিক ভ্রমণের ক্ষেত্রে আগের মতো এক বছরের মাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা আর থাকছে না।









